সংশোধিত 'ডিলিমিটেশন' (আসন পুনর্বিন্যাস) বিল এবং মহিলা সংরক্ষণ বিল- দেখা যাক কি হয়

২৮ নভেম্বর, ২০২৬: কেন্দ্রীয় সরকার সংসদে সংশোধিত 'ডিলিমিটেশন' (আসন পুনর্বিন্যাস) বিল এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে মরিয়া। সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের আসন সংরক্ষণ নিয়ে শনিবার ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ভিডিও বার্তায় জানালেন, ‘নারীশক্তির’ উদ্দেশে তাঁর সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা কেন্দ্র পূরণ করবেই। যা শুধুই সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, তিন বছর আগেই মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে সংবিধানের ১০৬তম সংশোধনী বিল সংসদের উভয় কক্ষে পাস করিয়েছিল মোদী সরকার। যার পোশাকি নাম ছিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’। কিন্তু সংসদে পাস হওয়ার পর তিন বছর পেরিয়ে গেলেও তা হিমঘরেই রয়ে গিয়েছে। প্রথমে চলতি বছরের এপ্রিলে বাদল অধিবেশনের সময়ে সংবিধানের ১৩১তম সংশোধনী বিলটি পেশ করা হয় সংসদে। বিলগুলির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জল্পনার মাঝেই আগামী সোমবার লোকসভায় এবং বুধবার রাজ্যসভায় বাদল অধিবেশনের বর্ধিত পর্ব ডাকা হয়েছে। লোকসভার আসন বাড়িয়ে এবং পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে বেশ কিছু দলের সমর্থনও আদায় করে নিয়েছে তারা। এখন দেখার, আদপে বিলটি পাশ হয় কি না।
অপরদিকে আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে নতুন করে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। পাশে দাঁড়াচ্ছে একের পর এক আঞ্চলিক দলও। এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসল ইন্ডিয়া জোট। যদিও অধিকাংশ শরিক দলই ছিল অনুপস্থিত। শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে নতুন কিছু আইনি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের মধ্যে রয়েছে 'সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, ২০২৬' এবং 'ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল, ২০২৬'।
ডিলিমিটেশন বিল পাশ করাতে দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন। অর্থাৎ লোকসভায় অন্তত ৩৬০ জনকে পাশে পেতে হবে। বর্তমানে এনডিএর হাতে রয়েছে ৩২০টি আসন। ফলে বিল পাশ করাতে আরও ৪০ জন সাংসদের সমর্থন চাই। ইতিমধ্যেই বিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে শরদ পাওয়ারের দল। তাঁর ৮ জন সাংসাদ বিলের পক্ষে ভোট দিলে এনডিএ-র আসন হবে ৩২৮। ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনও পাশে দাঁড়িয়েছেন। তাঁর রয়েছে ২২ জন সাংসদ। এছাড়াও ওয়াইএসআর কংগ্রেস-সহ বিভিন্ন ছোট দল বিলটিকে সমর্থন করবে বলে শোনা যাচ্ছে। খসড়া বিল অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন ৫০ শতাংশ বাড়বে।
বিরোধীজোটের ধারাবাহিক আন্দোলন, বিক্ষোভের জেরে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জ্ঞানেশ কুমারেরা কোণঠাসা হয়ে গিয়েছেন। সেই কারণেই আসন পুনর্বিন্যাসের বিল নিয়ে আসা হচ্ছে বলে সাংবাদিক বৈঠক ডেকে শনিবার দাবি করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, আসন পুনর্বিন্যাস বিলের মাধ্যমে বিজেপি দেশকে ‘একনায়কতন্ত্রের’ দিকে ঠেলে দিচ্ছে। শনিবার দিল্লির সাংবাদিক বৈঠকে রাহুল আসন পুনর্বিন্যাস কমিশন নিয়েও উদ্বেগপ্রকাশ করেন। তাঁর বক্তব্য, কমিশনে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকবেন। অপর দু’জনের মধ্যে এক জন থাকবেন জ্ঞানেশ এবং তৃতীয় সদস্য করা হবে জ্ঞানেশেরই বেছে নেওয়া কাউকে। ফলে আসন পুনর্বিন্যাস কমিশনে বিজেপি সুবিধা পেয়ে যাবে বলে দাবি রাহুলের।









Comments