top of page

বিজয় দিবসে হাসিনার দেশে ফেরা নিয়ে ভারত- বাংলাদেশ চাপানউতোর

3 days ago
2 min read



কলকাতা, ২৫ নভেম্বর, ২০২৬: হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) বাংলাদেশে ফিরতে চান সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকায় যেত চান বাংলাদেশের উড়ানে চেপেই। এদিকে এই মন্তব্যের পরে বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর দাবি করেছেন, বিচারব্যবস্থার মুখোমুখি করতেই হাসিনাকে ফেরানো হবে। একইসুরে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন, হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। পাশাপাশি বাংলাদেশের যে কোনও দূতাবাসে গেলে সেখানেও গ্রেফতার করা হবে হাসিনাকে। তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।

ভারত বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত ও ঘোষণা সম্পূর্ণ ভাবে তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এর সঙ্গে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ঢাকার তরফে পাঠানো কূটনৈতিক বার্তার কোনও সম্পর্ক নেই। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সম্পর্কহীন।’’

অপরদিকে এদিন হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় বাংলাদেশ সরকার কোনও চাপে নেই বলে বুধবার দাবি করেছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে সালাউদ্দিনের দাবি, একমাত্র নয়াদিল্লি-ঢাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা দেশে ফিরতে পারেন। তিনি বলেন, ‘‘ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।’’ ই বিএনপি নেতার মন্তব্য, ‘‘তিনি (হাসিনা) আসব আসব বলেন। এক বার বলেছেন, নভেম্বরে আসবেন। এক বার বলেন, ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের এ দিকে মনোযোগ নেই। সরকার কোনও চাপেও নেই।’’ কিন্তু হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একাংশ হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আধাসামরিক বাহিনী বিজিবির ১০৮টি প্লাটুন মোতায়েন করা হয়েছে বিভিন্ন জেলায়। যার মধ্যে ৫৬টি মোতায়েন করা হয়েছে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে। সীমান্ত এলাকায় টহলদারি এবং নজরদারি বাড়াতে বলা হয়েছে। অবৈধ ভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত দালালদের গতিবিধির উপরেও নজর রাখতে বলা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে অস্ত্রের চোরাচালান না-হয়, সে বিষয়ের উপরেও জোর দিচ্ছে বাংলাদেশ পুলিশ। সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি তৎপর হয়েছে বিজিবি এবং পুলিশ।



প্রসঙ্গত, বুধবার উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বর্গার নামে মূলনিবাসীদের থেকে জমি কেড়ে নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার কাজ করেছিল সিপিএম।’ পরে রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই অনুপ্রবেশকারীদের তাড়াবার হুঁশিয়ার দেন তিনি। অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে রাস্তা দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছে, ওদের সেই রাস্তা দিয়েই বের করতে হবে। তাড়াতে হবে।’ তবে শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, ‘যাঁরা ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন। শরণার্থী। তাঁদের আশ্রয় দিতে হবে।’




 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page