স্থগিত পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন তালিকা প্রকাশ

কলকাতা, ২০ নভেম্বর,২০২৬: ফের পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ স্পেশাল সামারি রিভিশন শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ২৩ নভেম্বর থেকে। কিন্তু ঠিক তার তিনদিন আগেই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জানিয়ে দেওয়া হল, আপাতত স্থগিত ওই প্রক্রিয়া। শুক্রবার রাজ্য সিইও দফতর একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে জানিয়েছে, '২৩ নভেম্বর থেকে এসএসআর শুরু হওয়ার কথা ছিল রাজ্যে। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতিতে’ আপাতত তা হচ্ছে না। পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।' তবে কারন কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগে, এসএসআর প্রক্রিয়ায় কমিশন নির্দেশ দিয়েছিল নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২৭-কে কোয়ালিফাইং ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১২ নভেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ জানুয়ারি, ২০২৭-এ। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্র, তেলেঙ্গানা-সহ সাত রাজ্যে এই কাজ চলছে। সেখানে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক হয়েছে ২২ ডিসেম্বর। কিন্তু এ রাজ্যেই কেন বারবার পিছিয়ে যাচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশের কাজ? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। এ বিষয়ে নির্দিষ্ট কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, এসআইআর ট্রাইব্যুনালের ধীরগতির জন্যই এমনটা হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক বিচারপতি এই ট্রাইব্যুনালের দায়িত্ব ছেড়েছেন। যাঁরা কাজ করছেন, তাঁদের উপর প্রচুর চাপ। ফলে নাম তোলার কাজ গতি পাচ্ছে না সেভাবে। এছাড়া নাগরিকরাও সময়মতো নথি জমা দিচ্ছেনা বলে খবর।
বর্তমানের এই সংক্ষিপ্ত পুনর্বিবেচনা কর্মসূচিতে মূলত নতুন নাম অন্তর্ভুক্তির ওপর জোর দেওয়া হয়েছে। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২১ ধারা অনুযায়ী এসএসআর পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়। মূল লক্ষ্য বাদ পড়া যোগ্য ভোটারদের, প্রথমবারের ভোটারদের, তরুণদের নাম ভোটারতালিকায় অন্তর্ভুক্ত করা। একইসঙ্গে লক্ষ্য তালিকা আরও নির্ভুল বানানো। যদিও এটি রুটিন প্রক্রিয়া, অর্থাৎ স্বাভাবিকভাবেই, প্রতি বছরই এই প্রক্রিয়া হয়ে থাকে। নতুন ভোটারের নাম তোলা, সংশোধন, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাচন কমিশন জানায়, কোনও ভোটকেন্দ্রে মোট ভোটারের দুই শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে সিইও দফতর থেকে তা খতিয়ে দেখা হবে। নির্বাচনী আধিকারিককে নিজে তা যাচাই করতে হবে। এ ছাড়া, একই ব্যক্তি পাঁচটির বেশি ক্ষেত্রে আপত্তি জানালেও তা আলাদা করে খতিয়ে দেখা হবে।









Comments