top of page

বর্ধমানে বসতবাড়িতে ডায়াগনস্টিক সেন্টার, আর তাতে ভুয়ো রিপোর্ট! হাতে- নাতে ধরলেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান

4 days ago
2 min read

কলকাতা, ১৮ নভেম্বর, ২০২৬: রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে কেউ ভরসা করতে পারে না আজকাল। সরকারের তরফে হাজার ভালো ভালো কথা বলা হলেও আদপে যে সবরকম চিকিৎসা পরিষেবায় ভরসা করা যায়না, তা আমি- আপনি এক বাক্যে স্বীকার করি। তারই জ্বলজ্যান্ত প্রমান হয়ে গেল বুধবার। বসতবাড়িতে ডায়াগনস্টিক সেন্টার, আর তাতে ভুয়ো রিপোর্ট! অনুমানে, আন্দাজে রক্তপরীক্ষার রিপোর্ট তৈরি হচ্ছে!

উল্লিখিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু হাতে, নাতে সেই অভিযোগের কিনারা করতে চাইছিলেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিচারপতি বিশ্বজিৎ বসু। কয়েক দিন আগে কলকাতার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করিয়েছিলেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের সহকারী। বুধবার সকালে সেই পুরোনো রিপোর্টের ফোটোকপি সঙ্গে নিয়ে খোসবাগানের ওই সেন্টারে রক্ত দিতে যান তিনি। নিয়মমাফিক রক্ত নেওয়ার কিছুক্ষণের মধ্যেই হাতে চলে আসে রিপোর্ট। কিন্তু সেই রিপোর্ট দেখেই চোখ কপালে ওঠে তাঁর। কলকাতার রিপোর্টের সঙ্গে বর্ধমানের এই সেন্টারের রিপোর্টের আকাশ-পাতাল তফাত! দেখেই তিনি কর্মীদের চেপে ধরেন। জেরার মুখে বেরিয়ে আসে আসল সত্য। কর্মীরা স্বীকার করেন, এত সকালে সেন্টারে কোনও চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। কোনও পরীক্ষা না করেই, কেবল অনুমান বা আন্দাজ করে মনগড়া রিপোর্ট তৈরি করে রোগীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল।

বুধবার টোটোয় চেপে রোগী সেজে বর্ধমানের ‘ডাক্তারপাড়া’ খোসবাগানে হাজির হয়েছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন তাঁর এক সহকারী। রোগী সেজে রক্তপরীক্ষা করানোই লক্ষ্য ছিল তাঁদের। রিপোর্ট দেখে চমকে যান স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। অর্থাৎ সকালে যে রোগীরা রক্তপরীক্ষা করাতে আসেন, তাঁদের সকলকে এ ভাবে অনুমানের ভিত্তিতে রিপোর্ট দেওয়া হয়? জবাব মেলেনি।

খোসবাগানে বসতবাড়ির মধ্যেই গড়ে ওঠা ওই ডায়াগনস্টিক সেন্টার পরে খুঁটিয়ে পরিদর্শনও করেন প্রাক্তন বিচারপতি। তাতে দেখা যায়, সেখানে যথাযথ পরিকাঠামো নেই। নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘পরীক্ষার রিপোর্টই যদি এমন ভুলভাল হয়, তবে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবেন কী করে? লাইসেন্স নেই, কিছু নেই। জেলা স্বাস্থ্য দফতরের কী কী করা উচিত, সে বিষয় নিয়ে আমরা আভ্যন্তরীণ সিদ্ধান্ত নেব। স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না।’ আপাতত খোসবাগানের দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।





 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page