রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার নয়া শিল্পনীতি ঘোষণা, হুগলির সিঙ্গুরে ফিরতে চলেছে শিল্প

কলকাতা, ৫ নভেম্বর, ২০২৬: বৃহস্পতিবার নয়া শিল্পনীতি ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে। এই নীতির উপর নির্ভর করেই আগামী দিনে ভারী শিল্পের বিস্তার, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্য কোন পথে এগোবে, তার রূপরেখা তৈরি হতে পারে। বৃহস্পতিবার ইকো পার্ক থেকে 'পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি ২০২৬' সম্বলিত একটি বই উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শ্রমমন্ত্রী অর্জুন সিং-সহ অনেকে। নয়া নীতিতে বিশেষ করে উল্লেখযোগ্য নতুন জমি নীতি। মূলত লগ্নি ও ইনসেনটিভ নির্ভর জমিনীতি তৈরি করেছে সরকার। দক্ষ শ্রমিকদের কাজে লাগানো, বিনিয়োগে বাড়তি ইনসেনটিভ-সহ একাধিক বিষয়ে নিয়মনীতি শিথিল হয়েছে।
বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই শিল্পবান্ধব পরিবেশ তৈরি এবং নতুন বিনিয়োগ টানাকে অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেছে বিজেপি সরকার। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার রাজ্যের নয়া শিল্পনীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে লগ্নির ক্ষেত্রে দরজা খোলার ভিত এই নীতি। বছর দুয়েক আগে আইন এনে শিল্পে যে ইনসেনটিভ পলিসি তৃণমূল সরকার বাতিল করেছিল তা ফিরিয়ে আনা হল। বৃহস্পতিবারের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, বামফ্রন্ট জমানার মতো জমি অধিগ্রহণ করতে গিয়ে কৃষকদের রক্ত ঝরবে না। তিনি বলেন, শিল্পের জমি অধিগ্রহণের ক্ষেত্রে কৃষকের উপর গুলি চলবে না। নতুন শিল্পনীতির রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারে মিলবে বিশেষ সুবিধা। বড় শিল্পের জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করে সংস্থাগুলিকে ১২০ শতাংশ পর্যন্ত সহায়তা দেওয়া হবে। মহিলা কর্মীদের কর্মসংস্থানে মিলবে অতিরিক্ত সুবিধা। প্রয়োজনে কর্মরত মহিলাদের হস্টেল তৈরিতে অনুদান দেবে রাজ্য। উৎপাদনকারী ইউনিটগুলির জন্য এসজিএসটি-র ক্ষেত্রেও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। নতুন নীতিতে হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা এবং ১০০ শতাংশ পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ছাড়ের কথা বলা হয়েছে। অনগ্রসর এলাকায় কারখানা গড়লে মিলবে অতিরিক্ত উৎসাহ ভাতা। গুরুত্ব দেওয়া হচ্ছে রুগ্ন ও বন্ধ শিল্প পুনরুজ্জীবন, সবুজ বিদ্যুৎ এবং গবেষণা-উন্নয়নমূলক কাজকে।

শিল্পনীতির পরই জমিনীতি ঘোষণার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে মাথায় রেখে গড়া হয়েছে মন্ত্রীগোষ্ঠী এবং প্রাথমিক খসড়াও প্রস্তুত। সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো বলপ্রয়োগ করে জমি অধিগ্রহণের বদলে বাজারমূল্যে জমির মালিকদের কাছ থেকে সরাসরি জমি কেনার পক্ষে বর্তমান বিজেপি সরকার, যা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবচেয়ে উল্লেখযোগ্য, রাজ্য সরকারের নতুন জমিনীতি মেনে ঠিক কোন পদ্ধতিতে কাজ হবে, তার সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশিত হয়েছে এদিন। জানা গিয়েছে, অনলাইনে শিল্পপ্রস্তাবের ক্ষেত্রে ১০৫ দিন বা সাড়ে তিন মাসে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তারপরই রাজ্যে শিল্প তৈরির কাজ শুরু করতে পারবেন বিনিয়োগকারীরা। জোর দেওয়া হবে রুগ্ন শিল্প পুনরুজ্জীবনেও।
এদিন আরও একটি আসার খবর শোনালেন মুখ্যমন্ত্রী। হুগলির সিঙ্গুরে ফিরছে শিল্প। এ ব্যাপারে ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক ভাবে কথাও হয়েছে। বৃহস্পতিবার নিউটাউনে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করার পর এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় আগেই জানিয়েছিলেন, সিঙ্গুর নিয়ে তাঁদের বিশেষ পরিকল্পনা রয়েছে। এ বার খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যেই সিঙ্গুরে নতুন করে শিল্পায়নের কথা শোনা গেল।
বাম আমলে ও তৃণমূল আমলে বাংলায় শিল্পের বেহাল অবস্থা ছিল। তাদের শিল্পনীতির কারণে বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগ করতেন না বলে অভিযোগ শুভেন্দুর। তাই তৃণমূল ও বামেদের ভুল সুধরে এবার লগ্নি টানতে তৎপর মুখ্যমন্ত্রী। এই আবহে কল-কারখানায় 'ধর্মঘট' নিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু। কল-কারখানায় যে কোনও ইস্যুতেই কাজ বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি তাঁর।
শুভেন্দুর কথায়, "এসব চলবে না। কমিউনিস্টদের বলে দেবেন, যাঁরা কাজ বন্ধ করবেন তাঁদের কাজ বন্ধ করে দেব। জেলে ঢোকাব। অনেকদিন জেলে থাকবেন। লেবার কমিশন আছে। সেখানে যান। সব হবে, কাজ বন্ধ হবে না।" প্রায় পাঁচ দশক পর কেন্দ্র ও রাজ্য হাতে হাত ধরে শিল্পক্ষেত্রে ইতিবাচক কাজ হতে চলেছে। নতুন শিল্পনীতিতে খুশি রাজ্যের শিল্পপতিরা। এই আবহে যে কোনও ধর্মঘট উন্নয়নের গতিকে বাধা দিতে পারে। তাই কাজ বন্ধের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।









Comments