কালীপুজোয় অতিরিক্ত মেট্রো চলবে, সময়েও পরিবর্তন

কলকাতা, ৬ নভেম্বর, ২০২৬: কালীপূজোতেও অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো রেল। কালীপুজোয় ঠাকুর দেখতে বেরোনো দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ৮ নভেম্বর, রবিবার ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে বিশেষ সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার জন্য ব্লু লাইনে বাড়ানো হচ্ছে পরিষেবা। একইভাবে গ্রিন লাইনেও বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। রবিবার, কালীপুজোর দিন অনেকেই সকাল সকাল কালীঘাট বা দক্ষিণেশ্বরে ভিড় করেন। সেই কথা মাথায় রেখেই অতিরিক্ত পরিষেবা চালানোর ভাবনা।
মেট্রো কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইনে ৮ নভেম্বর মোট ১৫২টি মেট্রো চলবে। এর মধ্যে ৭৬টি আপ এবং ৭৬টি ডাউন পরিষেবা থাকবে। সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও ওই দিন সকাল ৭টা ৫৪ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোও সকাল ৮টায় পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ১১টায়। দক্ষিণেশ্বর থেকে রাত ১১টায় ছাড়বে টালিগঞ্জগামী মেট্রোও।
ইয়েলো লাইনে (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) রবিবার আপ-ডাউন মিলিয়ে ৭৮টি পরিষেবা পাওয়া যাবে। তবে প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সূচিতে কোনও বদল নেই। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৮ মিনিটে। আর শেষ মেট্রো মিলবে রাত ৯টায়। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৪০ মিনিটে। আর শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে। অন্য রবিবারের মতো পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা চলবে না কালীপুজোয়। তবে কালীপুজোয় মণ্ডপ ও মন্দির দর্শনে বেরোনোর আগে মেট্রোর সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।









Comments