কলকাতায় নূন্যতম বাসভাড়া ১৮ টাকা করার প্রস্তাব

কলকাতা, ২ নভেম্বর, ২০২৬: মাসের প্রথম কাজের দিনে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। চিঠিতে কলকাতায় নূন্যতম বাসভাড়া ১৮ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। রাজ্যে শেষ সরকারিভাবে বাসের ভাড়া বেড়েছিল ২০১৮ সালে। তখন ডিজেলের দাম ছিল ৭০ টাকার কাছাকাছি। গত এক বছরে ডিজেলের দাম গিয়ে ঠেকেছে ১০০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, বাসচালক, কন্ডাক্টরদের বেতন, কমিশন বৃদ্ধি ইত্যাদি কারণে লাভের মুখ দেখতে গিয়ে নাভিশ্বাস উঠছে বাসমালিকদের। তাই বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে এবার সরব বাসমালিকরা।
এই ‘অচলাবস্থা’ কাটাতেই ভাড়া পুনর্নির্ধারণের আর্জি জানিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংহকে চিঠি দিল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। চিঠিতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ৯ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পরিবহণ দফতরে জমা দেওয়া হয়েছিল। সেই সময় পরিবহণমন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে, দুর্গাপুজোর পরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে। সেই আশ্বাসের কথা মনে করিয়ে দিয়েই ফের নতুন প্রস্তাব জানানো হয়েছে। সংগঠনের প্রস্তাবিত ভাড়ার খসড়া অনুযায়ী, কলকাতায় সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৮ টাকা ধার্য করার কথা বলা হয়েছে। এর পর ৪ থেকে ৬ কিলোমিটারে ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটারে ২২ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটারে ২৪ টাকা, ১২ থেকে ১৬ কিলিমিটারে ২৬ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটারে ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটারে ৩০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্য দিকে, জেলার ক্ষেত্রে সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারে ২০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা হারে ভাড়া দাবি করা হয়েছে। এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিলিমিটারে ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা, সাধারণ এসি বাসে প্রথম ৪ কিলোমিটারে ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। হাওড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ জেলার মিনিবাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবও একইভাবে রাখা হয়েছে। দার্জিলিং-সহ পাহাড়ের অন্যান্য জায়গায় চলা বাসগুলির ভাড়া বৃদ্ধিও প্রস্তাবও রাখা হয়েছে।
এর আগেও রাজ্যের পরিবহণমন্ত্রীর কাছে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব আবেদন রাখা হয়েছিল। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বাস মালিক সংগঠনগুলির বৈঠকও হয়েছিল। পুজোর পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তখন জানা গিয়েছিল। সেই আবহে আজ, সোমবার এই চিঠি দেওয়া হল মন্ত্রীকে। তবে পরিবহণ দফতরের একাংশের মতে, ভাড়া বাড়ানোর অনুমতি না দিলেও, বেসরকারি বাসমালিকেরা নিজেরাই বাসভাড়া বৃদ্ধি করেছেন। ন্যূনতম ভাড়া ১৫ টাকা করে নেওয়া হচ্ছে। তার পর দূরত্বের ভিত্তিতে সর্বোচ্চ ১৮ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। এই তথ্য রাজ্য সরকারের জানা। তাই পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করেই ভাড়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন পরিবহণমন্ত্রী।









Comments