top of page

মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কট, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিবৃতি কমিশনের




২ ফেব্রুয়ারি,২০২৬: দিল্লি সরগরম। সোমবার কমিশনের বৈঠক থেকে বেরিয়েই মমতা বলেন,‘আমাদের অসম্মান করা হয়েছে। আমরা বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছি।’ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘মিথ্যাবাদী’ বলে মমতার তোপ, ‘কমিশনের থেকে আমাদের কোনও প্রত্যাশা নেই। এরা বিজেপির দালাল।’ বিকেল সাড়ে চারটে নাগাদ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মিটিং রুমে ঢোকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের নেতৃত্ব ছাড়াও ছিলেন SIR-এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, ভোটার তালিকায় ‘মৃত’ ভোটাররা।

এদিকে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতি জারি করে কমিশন। তবে সেই ‘অপমান, অসম্মানের’ অভিযোগ নিয়ে একটা কথা উল্লেখ নেই সেই বিবৃতি। উল্টে কমিশনের বিবৃতিতে রয়েছে আইনশৃঙ্খলার কথা। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। কমিশন স্পষ্ট জানায়, আইনের শাসন বজায় থাকবে। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তবে কমিশনের হাতে থাকা আইনগত ক্ষমতা ও সংবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠক মাঝপথে ‘বয়কট’ করে বেরিয়ে এসেছেন বলে দাবি করেন মমতা। তাঁর অভিযোগ, বৈঠকে তাঁরা যা প্রশ্ন করেছেন তার কোনও সদুত্তর মেলেনি। দুর্ব্যবহারের অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। কমিশন জানায়, মমতার নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করেছে। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত তাদের কিছু প্রশ্ন ছিল, তা তুলে ধরেছে বৈঠকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন।

উলেখ্য, কয়েকদিন আগেই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কমিশন সোমবার বিকেলে ১৫ জনকে নিয়ে বৈঠকের অনুমতি দিতেই রবিবার দিল্লিতে হাজির হন মমতা। গতকালই রাজধানীতে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এসআইআর ‘আতঙ্কে’ নিহতদের পরিবারের সদস্যরা বঙ্গভবনে রয়েছেন। সোমবার সকাল থেকেই আচমকা বাড়ানো হয় বঙ্গভবনের নিরাপত্তা। ব্যারিকেড তোলা হয় বঙ্গভবনের বাইরে। হঠাৎই দিল্লি পুলিশের বিশাল বাহিনী বঙ্গভবন ঘিরে ফেলে। অভিযোগ, বঙ্গভবনের ঘরে ঘরে ঢুকে পর্যন্ত তল্লাশি চালানো হয়। প্রশ্ন উঠছে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাতে ওই পরিবার পৌঁছতে না পারে তাই এত নিরাপত্তার বেড়াজাল? দিল্লি পুলিশের এই ‘অতিসক্রিয়তা’র প্রতিবাদে কার্যত ঘরের পোশাকেই ছুটে আসেন মমতা। কমিশনের সঙ্গে বৈঠক শুরুর আগে থেকেই রাজধানীতে একপ্রকার যুদ্ধের আবহ প্রস্তুত করে দেন তিনি! তারপর বৈঠক অসমাপ্ত রেখেই বেরিয়ে আসা!

প্রসঙ্গত, কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি রয়েছে খুবই শীঘ্রই। যদিও মামলার বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। এসআইআর বিরোধী নতুন কোনও কর্মসূচি দিল্লিতে করা হবে কি না সে ব্যাপারে দলের বাকি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page