top of page

প্রাইম টাইমে চালাতেই হবে 'সাধক বামাক্ষ্যাপা' নির্দেশ মুখ্যমন্ত্রীর

2 hours ago
2 min read


কলকাতা, ২৪ নভেম্বর, ২০২৬: প্রেক্ষাগৃহ থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া যাবতীয় জটিলতার অবসান ঘটল। সোমবার সকাল থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। ছবিটির হল না পাওয়া নিয়ে দিনভর হইচইয়ের পরে, রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতর থেকে একটি বার্তা আসে। মঙ্গলবার সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স— উভয়ের হল মালিক, প্রদর্শক, প্রযোজক ও পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী।

সমস্যা সমাধানের পথ বাতলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে হল মালিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, রাজ্যের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি রাখা বাধ্যতামূলক। অর্থাৎ, সব প্রেক্ষাগৃহে দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা ছবির একটা করে শো চালাতেই হবে। কার নির্দেশে ছবিটির প্রদর্শন বন্ধ করা হয়েছে, তা জানতে চেয়ে অবিলম্বে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো চালু রাখার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

আগামী শুক্রবার (২৭ নভেম্বর) যশরাজ ফিল্মস প্রযোজিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-কে জায়গা করে দিতে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো তুলে নেওয়ার তোড়জোড় শুরু করেছিলেন বাংলার একাধিক হল ও মাল্টিপ্লেক্স মালিকরা। বক্স অফিসে দারুণ ব্যবসা এবং হাউসফুল শো চলা সত্ত্বেও এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছিল টলিপাড়া। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বাংলা ছবি নিজের রাজ্যেই কদর পায় না বলে বার বার অভিযোগ উঠছে। বলিউডের বড় বাজেটের ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হচ্ছে না বাংলা ছবিকে। ফলস্বরূপ, মুক্তির পরে দ্বিতীয় সপ্তাহে পৌঁছোনোর আগেই প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হচ্ছে বহু ছবি। কিংবা, খুব কম শো দেওয়া হচ্ছে। বৈঠকে হল মালিকদের ভূমিকার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, ‘সাধক বামাক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না। প্রাইম টাইমে চালাতেই হবে এই সিনেমা।'

বাংলা ছবির উন্নতির স্বার্থে ডাকা এই বৈঠকে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সিনেপরিবেশক শতদীপ সাহা, হলমালিক অরিজিৎ দত্ত, রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবাল-সহ আরও অনেকে। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সব প্রেক্ষাগৃহে দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা ছবির একটা করে শো চালানো বাধ্যতামূলক করা হয়েছিল আগের সরকারের সময়েই। মাঝে এই নিয়ম কিছুটা শিথিল হয়েছিল। এ দিনের বৈঠকে বলা হয়েছে, এই নিয়ম কঠোর ভাবে মানতেই হবে। যদি কোনও হলমালিক এর বিরুদ্ধে যান, তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে। বৈঠক শেষে বেরিয়ে স্বস্তি ও আত্মবিশ্বাসের সুর শোনা যায় টলিউডের প্রতিনিধিদের গলায়। মুখ্যমন্ত্রী জানান, আগামী দেড় বছরে সরকারের তরফ থেকে ৫১টি হল তৈরি করা হবে এ রাজ্যে। এর পাশাপাশি, রাজ্যে ৫০০টি সিঙ্গেল স্ক্রিন বানানো তাঁর লক্ষ্য বলেও জানান। সরকারের পাশাপাশি কোনও বেসরকারি উদ্যোগে কেউ প্রেক্ষাগৃহ তৈরি করতে চাইলে, তাঁদেরও স্বাগত জানানো হয়েছে। অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সিনেমা প্রদর্শনের জট কেটেছে এবং থিয়েটার ও প্রেক্ষাগৃহের শো-স্লট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

বাংলায় করমুক্ত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর সঙ্গে সংঘাত এড়াতে গত ৬ নভেম্বরের বদলে ২০ নভেম্বর মুক্তি পায় সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’। মুক্তির পর মাত্র তিন দিনেই দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এমনকি প্রেক্ষাগৃহে ‘বামা’ বেশী সব্যসাচী চৌধুরীকে দেখে আধ্যাত্মিক আবেগে ভেসেছেন দর্শকরা, কেউ কেউ ঈশ্বরজ্ঞানে অভিনেতার পা ছুঁয়ে প্রণামও করেছেন। এত সাফল্যের পরও হিন্দি ছবির জন্য মাত্র এক সপ্তাহের মাথায় ছবিটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সব কিছুর জন্য একটি কমিটি গঠিত হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। কমিটিতে কারা থাকবেন সেই সিদ্ধান্ত নেবেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page