top of page

কলকাতার বুকে স্কুল পড়ুয়া ছুরি চালালো সহপাঠীকে!

1 day ago
2 min read

কলকাতা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬: কলকাতার বুকে স্কুলে ছুরি দিয়ে সহপাঠীকে আক্রমণ। বুধবার রক্তারক্তি কান্ড ঘটে গেল সাউথ পয়েন্ট স্কুলে। অভিযুক্ত নবম শ্রেণির এক শিক্ষার্থী। স্কুল সূত্রে খবর, বুধবার দুপুর ১২টা ২৯ মিনিট নাগাদ ক্লাসরুমে ক্লাসশিক্ষকের উপস্থিতিতেই এক ছাত্র তার এক সহপাঠীকে আচমকা ধারালো বস্তু দিয়ে আঘাত করে। ঘটনায় গুরুতর আহত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ছাত্র। থানায় দায়ের হয়েছে অভিযোগ।

স্কুলের তরফে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৯ মিনিটে ক্লাস নাইনের এক পড়ুয়া তারই এর সহপাঠীকে ধারালো জিনিস দিয়ে আঘাত করেছে। যখন এই ঘটনা ঘটে, তখন ক্লাসেই শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ছুরির আঘাতে জখম পড়ুয়ার শরীর থেকে রক্ত পড়তে শুরু করে। তাকে সঙ্গে সঙ্গে স্কুলের ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপরে ওই পড়ুয়াকে রুবি হাসপাতালে নিয়ে যান স্কুলের শিক্ষক ও কর্মীরা। খবর দেওয়া হয় পড়ুয়ার বাবা-মাকে। স্কুল পড়ুয়ার স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজ খবর রাখছে। যে সহপাঠী পড়ুয়া হামলা করেছিল তাকে ক্লাস থেকে বের করে নিয়ে যান শিক্ষকরা। স্কুল জানাচ্ছে, স্কুলেরই মনোবিদেরা তার কাউন্সেলিং করে। তার পরে পড়ুয়ার বাবা তাকে বাড়ি নিয়ে যায়। স্কুলের তরফে গড়িয়াহাট থানায় একটি রিপোর্ট দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ১৫ বছরের ওই পড়ুয়া গলায় গভীর ক্ষত এবং বাঁ হাতের একাধিক আঙুলে আঘাত নিয়ে ভর্তি হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা স্থিতিশীল করার পর তাকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যাওয়া হয়। প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন দীপাঞ্জন দে-র নেতৃত্বে অস্ত্রোপচারের সময় দেখা যায়, গলার গভীর ক্ষত মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং নীচের পেশিতেও আঘাত লেগেছে। বাঁ হাতের তর্জনীতে এক্সটেনসর টেন্ডন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্য কয়েকটি আঙুলেও কেটে যাওয়ার ক্ষত ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সব ক্ষত মেরামত করা হয়েছে। বর্তমানে ওই পড়ুয়ার অবস্থা স্থিতিশীল।

গড়িয়াহাট থানায় পুলিশ কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। সাউথ পয়েন্ট হাইস্কুলের ঘটনায় জখম ছাত্র আপাতত স্থিতিশীল বলে স্কুলের তরফে জানা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, স্কুল কর্তৃপক্ষের তরফে তাদের জানানো হয়েছে যে, অভিযুক্ত পড়ুয়া অটিস্টিক। অভিযুক্তের কাউন্সেলিং চলছে। পুলিশ জুভেনাইল জাস্টিস বোর্ডে অভিযোগ পাঠাবে। সেই বোর্ড ঠিক করবে কোনও সেকশন দেওয়া হবে কিনা। গতকাল অভিযুক্ত বইয়ের পাতা ছিঁড়ে দেয়। বুধবার ক্লাস টিচারকে অভিযোগ জানাতে যায় সহপাঠী। তখন অভিযুক্তকে ডাকতেই ধারালো বস্তু দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আক্রান্ত ছাত্রের বাবা জানিয়েছেন, আগেরদিন স্কুলে বই ছেঁড়ার ঘটনায় অভিযুক্ত ছাত্র বকা খেয়েছিল। সেই কারণেই পরিকল্পনা করে ছুরি নিয়ে এসে ওই ছাত্র হামলা করেছে বলে তাঁর অভিযোগ।

শ্রেণিকক্ষের মধ্যে এমন অনভিপ্রেত ও হিংসাত্মক ঘটনায় স্তম্ভিত সহপাঠী, শিক্ষক ও অভিভাবকমহল। ঘটনাটি যারা প্রত্যক্ষ করেছে বা কোনওভাবে প্রভাবিত হয়েছে, তাদের মানসিক পরিস্থিতির দিকে নজর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় মানসিক ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে স্কুল।




 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page