মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত, পিটি উষার নজির ছুঁয়ে ফেললেন গুলবীর সিংহ

২৯ সেপ্টেম্বর, ২০২৬: নাগোয়া গেমস থেকে ষষ্ঠ সোনা পেল ভারত। মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারতীয় দল। ছেলেদের ৪x৪০০ মিটার রিলেতে এল ব্রোঞ্জ পদক। ব্রোঞ্জ এসেছে মিক্সড ৪x১০০ মিটার রিলেতেও। ছেলেদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ জিতে পিটি উষার নজির ছুঁয়ে ফেললেন গুলবীর সিংহ। মঙ্গলবার নাগোয়ার অ্যাথলেটিক্স ট্র্যাকে পুরুষদের ৫,০০০ মিটারের ফাইনালে ১৩ মিনিট ৩২.৭৫ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন ছুঁয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন এবং সেই সঙ্গে রচিত হলো ইতিহাস। ১৯৮৬ সালে সিওল এশিয়ান গেমসে কিংবদন্তি পিটি ঊষার পর আর কোনও ভারতীয় অ্যাথলিট কোনও এশিয়ান গেমসের আসরে তিনটি ব্যক্তিগত পদক জিততে পারেননি। নাগোয়ার ট্র্যাকে সেই ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পদকের হ্যাটট্রিক পূর্ণ করলেন গুলবীর।
দেশের ষষ্ঠ সোনাও এল মহিলাদের হাত ধরেই। ফাইনালে দ্বিতীয় সেরা দল হিসাবে নেমেছিল ভারত। তবে শুরুটা ভাল হয়নি। প্রথম ল্যাপের শেষে চার নম্বরে ছিল ভারত। পরে প্রতিটি ল্যাপে গতি বাড়িয়ে সোনা জিতেছেন বিথ্যা রামরাজ, কিরণ পহল, মাচেত্তিরা পূভাম্মা ও প্রাচী। ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে দৌড় শেষ করে ভারত। পদক এসেছে মেয়েদের হাই জাম্পেও। ১.৮৪ মিটার উচ্চতা টপকে ব্রোঞ্জ জিতেছেন পূজা।
চলতি খেলায় গুলবীরের দৌড় শুরু হয়েছিল পুরুষদের ১০,০০০ মিটারে, যেখানে ২৮ মিনিট ২৯.৩৮ সেকেন্ড সময় করে তিনি রুপো পান। এরপর মধ্যম দূরত্বের ১,৫০০ মিটারে নিজের ব্যক্তিগত সেরা ৩ মিনিট ৩৬.৭২ সেকেন্ড টাইমিংয়ে আরও একটি রুপো ছিনিয়ে নেন তিনি। আর মঙ্গলবার ৫,০০০ মিটারের ব্রোঞ্জ দিয়ে তিন ভিন্ন দূরত্বের ইভেন্টে তিনটি পদক জয়ের কীর্তি সম্পন্ন করলেন এই ভারতীয় ট্র্যাক নক্ষত্র। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি নাগোয়া আসরে কিংবদন্তি পিটি ঊষার ছায়া দেখা যাচ্ছে বারবার। একদিকে গুলবীর যেমন ঊষার তিন পদকের ঐতিহাসিক বেঞ্চমার্ক ছুঁয়েছেন, অন্যদিকে ভারতের প্রমীলা অ্যাথলিট বিদ্যা রামরাজ ৪০০ মিটার হার্ডলসে ৫৪.৭৫ সেকেন্ড সময় করে ১৯৮৪ অলিম্পিকে গড়া পিটি ঊষার দীর্ঘস্থায়ী জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছেন।









Comments