৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
- The Conveyor
- 31 minutes ago
- 1 min read

১৭ ফেব্রুয়ারি, ২০২৬: মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রচলিত রীতির বাইরে গিয়ে এ বার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায়, খোলা আকাশের নীচে। সাধারণত বঙ্গভবনে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে এই অনুষ্ঠান হয়ে থাকে। শপথবাক্য পাঠ করে তারেক রহমান বলেন, “আমি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।”
নতুন এবং পুরনো সংসদ সদস্যদের নিয়ে নিজের মন্ত্রিসভা গোছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নতুন সরকারের ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন তিন জন মহিলা। তাঁদের মধ্যে এক জন পূর্ণমন্ত্রী হচ্ছেন। দু’জন প্রতিমন্ত্রী হচ্ছেন। নতুন মন্ত্রিসভায় স্থান পেলেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও।

সাড়ে ৩টে নাগাদ (বাংলাদেশের সময় অনুসারে) বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান। তারেকের পর শপথ নেন অন্য মন্ত্রীরা। পৃথক ভাবে তাঁদের সবাইকে শপথ পড়ান রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় পুরো অনুষ্ঠান।
তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনৈতিক দিক থেকে এক বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। ১৭ বছর ব্রিটেনে নির্বাসিত থাকার পর গত ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। ৩৫ বছর পর বাংলাদেশে কোনও পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার শপথ গ্রহণের পরে তাঁর সঙ্গে দেখা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারেকের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছাপত্র।













Comments