শ্যামনগর রাহুতায় সংস্কৃত টোল শিক্ষা কেন্দ্রে ঘটা করেই আয়োজিত দেবী অন্নপূর্ণার পুজো

কলকাতা, ২৬ মার্চ, ২০২৬: অন্নপূর্ণা পুজো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। সাধারণত চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার আরাধনা করা হয়। হিন্দুদের বিশ্বাস, এই পুজো করলে গৃহে অন্নের অভাব হয় না। খাদ্যের অভাব দূর হয়। সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সেদিকে নজর রেখেই একটানা ২৫ বছর ধরে অন্নপূর্ণা করা হচ্ছে শ্যামনগর রাহুতায় উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান নামক টোলে। এই টোলের অধ্যক্ষ সোমনাথ শাস্ত্রী জানান, গরিব মানুষজনের যাতে অন্নের অভাব না হয় সেইজন্য বাসন্তী নবরাত্রি অষ্টমীর দিনে তাঁরা অন্নপূর্ণা পুজো করে থাকেন। উল্লেখ্য, সংস্কৃত শিক্ষার প্রচার ও প্রসারে ভাটপাড়া-সহ শ্যামনগর, ব্যারাকপুরে ঐতিহ্যবাহী টোল শিক্ষার খ্যাতি ছিল। কিন্তু বর্তমানে টোল শিক্ষা অবলুপ্তির পথে। শিল্পাঞ্চলে এখন হাতেগোনা দু'একটি টোল রয়েছে। সেগুলোও ধুঁকছে। এপ্রসঙ্গে সোমনাথ শাস্ত্রীর অভিযোগ, সরকারি উদাসীনতায় টোলগুলো অবলুপ্তির পথে। কিন্তু তাঁরা প্রতিষ্ঠানটিকে এখনও টিকিয়ে রেখেছেন। গৃহবধূ জয়তি গাঙ্গুলি বলেন, কারও যাতে অন্নের অভাব যাতে না হয়, সেদিকে নজর রেখেই এখানে অন্নপূর্ণা পুজোর প্রচলন করা হয়।









Comments