শুক্রবার থেকে পাল্টে যাচ্ছে কলকাতার পরিবহণের গোটা মানচিত্র

কলকাতা, ২২ অগস্ট, ২০২৫: এক সঙ্গে তিন লাইনে মেট্রো পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড হয়ে জুড়ে যাচ্ছে হাওড়া ও শিয়ালদহ। নোয়াপাড়া থেকে মেট্রো লাইনে জুড়ছে বিমানবন্দর। অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে এ বার যাওয়া যাবে বেলেঘাটা পর্যন্ত। শুক্রবার থেকে পাল্টে যাচ্ছে কলকাতার পরিবহণের গোটা মানচিত্র। এখন হাওড়া ময়দান থেকে কোনও ব্যক্তি মেট্রো রুটেই পৌঁছে যেতে পারেন বিমানবন্দর, সল্টলেক সেক্টর ৫, কবি সুভাষ বা বেলেঘাটায়।
কলকাতায় আজ মোট ১৩.৬২ কিলোমিটার মেট্রো লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী অর্থবর্ষের (২০২৬-২৭ অর্থবর্ষ) মধ্যে আরও ২২ কিমি নয়া লাইন চালু করা হবে বলে দাবি করলেন রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রভনীত সিং বিট্টু। এমনিতে কলকাতা মেট্রোর নোয়াপাড়া-বারাসত লাইনের দৈর্ঘ্য ১৬ কিমির মতো। আজ ওই করিডরের ৬.৭৭ কিমি অংশের উদ্বোধন করা হয়েছে। আবার অন্যদিকে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের দৈর্ঘ্য হল ৩০ কিমির মতো। আজ রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যে অংশের উদ্বোধন হয়েছে, তার দৈর্ঘ্য হল ৪.৪ কিমি। আর নিউ গড়িয়া থেকে রুবির দূরত্ব ৫.৪ কিমির মতো। অর্থাৎ ওই লাইনে ৯.৮ কিমি মতো অংশে মেট্রো পরিষেবা চালু হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ভারতের ইতিহাস এবং ভবিষ্যতের সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল কলকাতা। ভারত যখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে অগ্রসর হতে যাচ্ছে, তখন কলকাতা, দমদমের মতো শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট পরপর মেট্রো। সকাল সাড়ে ৬ টা থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। সোমবার থেকে চালু হবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুট। সকাল ৭টা ৫৮ থেকে রাত ৮ টা ১০ পর্যন্ত চলবে মেট্রো। সোমবার থেকে চালু হবে রুবি-বেলেঘাটা মেট্রোর অংশ। কবি সুভাষ থেকে বেলেঘাটা যাওয়ার প্রথম মেট্রো সকাল ৮টায়। শেষ মেট্রো রাত ৮টা ২৮। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫-এর রুট ২২ অগস্ট সন্ধ্যা ৬টার পর থেকেই চালু হয়ে যাওয়ার কথা।









Comments