top of page

লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান

কলকাতা, ১৯ মে, ২০২৬: ভোটের দু’দিন আগে লড়াইয়ের ময়দান থেকে সরে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তা নিয়ে তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।

মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গিরের ঘোষণা, ‘‘আমি এই ভোটে লড়ছি না।’’ মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা ঘোষণা করেন জাহাঙ্গির। বলেন, ‘‘ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জন্য ২১ মে যে পুনর্নির্বাচন আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং ভাল থাকুক। ফলতায় আরও বেশি উন্নয়ন হোক।’’ এর বেশি কিছু তিনি একেবারেই বলতে রাজি হননি। বিভিন্ন সাংবাদিক বিভিন্ন রকম প্রশ্ন করলেও জাহাঙ্গির নিজের বক্তব্যটুকুই ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। যদিও মনোনয়ন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা না করলেও ইভিএমে জাহাঙ্গিরের নামেই বোতাম থাকবে। সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জাহাঙ্গির। গ্রেফতারি এড়াতে আদালতের কাছ থেকে রক্ষাকবচ নেন। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে ‘পুষ্পা’ জাহাঙ্গির জানালেন তিনি আর এই ভোটের লড়াইয়ে নেই! অর্থাৎ, ঝুঁকেগা নহি বলে সেই ঝুঁকতেই হল ‘পুষ্পা’ জাহাঙ্গিরকে। জাহাঙ্গিরের ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিতক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। পূর্বতন শাসকদল জানিয়েছে, এটা তৃণমূলের দলগত সিদ্ধান্ত নয়। জাহাঙ্গিরের ব্যক্তিগত সিদ্ধান্ত।



জাহাঙ্গির নিজেকে ফলতার ভূমিপুত্র বলছেন। লক্ষ্য করার বিষয় হল, গ্রেফতারি এড়াতে কোর্ট থেকে রক্ষাকবচ নেন তিনি। তার মানে ধরে নিতে হবে তৃণমূলের নেতারা তাকে ভরসা দিতে পারেনি। সর্বোপরি যাঁর ছত্রছায়ায় জাহাঙ্গিরের এই ঔদ্ধত্বপূর্ণ আচরণ আমরা দেখেছি এযাবৎকাল, তাঁর অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও কোনও রকম আশ্বাসবাণী শুনতে পাননি। তার পাশাপাশি বিজেপির এমন মারকাটারি সাফল্য সহ শুভেন্দু অধিকারীর দেখে নেওয়ার হুমকি। শমীক ভট্টাচার্যেরও অভিষেককে নিয়ে ঠাট্টা। সব মিলে জাহাঙ্গির একেবারেই বুঝে গিয়েছিলেন, তাঁর জেতার কোনও আশা নেই। নিজে থেকে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালে যদি বিজেপির রোষ থেকে খানিকটা বাঁচতে পারেন, তাই ভেবেছেন তিনি। সেই কারনেই এই সিদ্ধান্ত।

জাহাঙ্গিরের ঘোষণার পর গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মাতেন পদ্মশিবিরের কর্মী এবং সমর্থকেরা। মঙ্গলবার দুপুরে ফলতায় রোড শো করেন শুভেন্দু। সেখানে তিনি ফলতার জন্য বিশেষ প্যাকেজেরও ঘোষণা করেন। জাহাঙ্গিরের এই ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়ে শুভেন্দু পরে রোড শো থেকে বলেন, ‘...ঝুঁকে গেলেন। বলছেন, সরে গেলেন। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই! পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি। আজ বলছে, আমি পগারপার। ১০০ শতাংশ ভোট চাই। পদ্মে ভোট চাই।’



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page