রায়গঞ্জে 'এইমস' গড়ে তোলার প্রস্তাব আজই চলে গেল দিল্লিতে

কলকাতা, ২৯ অক্টোবর ২০২৬: রাজ্যের দ্বিতীয় এইমস পেতে চলেছে রায়গঞ্জ। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের জনসভা থেকে তিনি জানিয়েছিলেন, শীঘ্রই সেখানে এইমস গড়ে তোলার প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে। সেই মতো রাতেই নবান্ন থেকে প্রস্তাব চলে গেল দিল্লিতে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এমস হাসপাতাল তৈরি করা হবে, ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটে জেতার পর সেই প্রতিশ্রুতি পূরণ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় বড়সড় বদল আনতে কোমর বেঁধে লেগে পড়ল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে একটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ (এইমস) গড়ে তোলার প্রক্রিয়া শুরু করতে দ্রুত পদক্ষেপ করল নবান্নও। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিল শ্রীবাস্তবকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। রায়গঞ্জে এইমসের মতো সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাকেন্দ্র গড়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই রায়গঞ্জের দিকনগরে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করে ফেলেছে রাজ্য সরকার। মুখ্যসচিব জানিয়েছেন, এমসের জন্য চিহ্নিত জমি পরিদর্শন এবং প্রস্তুতিমূলক যে কোনও পদক্ষেপে কেন্দ্রের সহায়তা করবে রাজ্য। উত্তরবঙ্গে উন্নত চিকিৎসা পরিষেবার সহজলভ্যতা বৃদ্ধি করতে এই প্রস্তাব অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি। এর আগে রায়গঞ্জের জনসভা থেকেই এমস তৈরির কথা ঘোষণা করেন শুভেন্দু। পাশাপাশি, জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল গড়ে তোলার কথাও জানান তিনি। ছাড়া, উত্তর দিনাজপুরে গিয়ে শুভেন্দু মোট ৩০টি কর্মসূচির উদ্বোধন এবং ৮৩টি কর্মসূচির শিলান্যাস করেছেন বলে জানিয়েছেন।
দীর্ঘদিন ধরেই উত্তর দিনাজপুরে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সরব বিভিন্ন মহল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সেই দাবি ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। যদিও প্রকল্পের বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আগামী দিনে উত্তর দিনাজপুরের স্বাস্থ্য পরিকাঠামো আমূল বদলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।









Comments