top of page

রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত গৃহীত

কলকাতা, ২৩ মে, ২০২৬: শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু নতুন সিদ্ধান্তের কথা জানালেন। জুলাই মাস থেকেই বাংলায় দেওয়া হবে 'আয়ুষ্মান ভারত' কার্ড। যে ৬ কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন, তাঁরাই সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পরে এই প্রকল্পের আওতায় আরও মানুষ যুক্ত হবেন। নতুন যাঁরা যুক্ত হতে চান, তাঁরা জুলাই থেকে আবেদন করতে পারবেন। গোটা ভারতে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন (উপভোক্তারা)। প্রায় ১ কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা যাঁরা অন্য রাজ্যে আছেন, তাঁরাও স্বাস্থ্যক্ষেত্রে এই সুবিধা পাবেন।

এছাড়াও এদিন শুভেন্দু অধিকারী জানান, সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধে রাজ্যে এবার বিনামূল্যে টিকাকরণ শুরু হবে। কেন্দ্রের তরফ থেকে বাংলায় ৭ লক্ষ ডোজ টিকা পাঠানো হচ্ছে। বিধানননগর মহকুমা হাসপাতাল থেকে শুরু হবে এই টিকাকরণ কর্মসূচি। ১৪-১৫ বছরের ঊর্ধ্বে যেকোনও কিশোরী টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের কথা মাথায় রেখে ‘প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র’ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলায় ১১৭টি কেন্দ্র রয়েছে। সেই সংখ্যা বাড়িয়ে ৪৬৯টি করার পথে হাঁটছে রাজ্যসরকার। দুরারোগ্য অসুখের ওষুধে ৮০ শতাংশ ছাড় থাকবে। ২০০০ টাকার ওষুধ ২০০ টাকায় পাওয়া যাবে।

রাজ্যে যে চার জেলায় এখনও মেডিক্যাল কলেজ হাসপাতাল নেই, সেই চার জেলায় হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার। এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এতদিন মেডিক্যাল কলেজ হাসপাতাল ছিল না।ওই চার জেলাতেই মেডিক্যাল কলেজ মানের হাসপাতাল তৈরির জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের দ্বিতীয় এইমস হাসপাতাল নিয়েও এ দিন পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, ‘উত্তরবঙ্গে এইমস-এর জন্য ওখানকার সাংসদ বিধায়কদর সঙ্গে কথা বলে আমরা ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠাবো'। হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিপুল শূন্যপদ পূরণে আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ নীতি মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ দিনই জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্যের জন্য ২১০৩ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার মধ্যে প্রথম দফার ৫০০ কোটি টাকা রাজ্যকে পাঠিয়েও দিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পেও নিজেদের ভাগের ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

এদিন কেন্দ্রীয় সরকার আয়োজিত রোজগার মেলা বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘হোয়াটসঅ্যাপ মেসেজে চাকরি, নিয়োগ নয়৷ লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোরের গুরুত্ব বেশি।’’ ভাইবা বা মৌখিক পরীক্ষায় কমানো হবে নম্বর। তাঁর কথায়, ‘‘ওএমআর কার্বন কপি পরীক্ষার্থীকে দেবে। ওরালে (মৌখিক পরীক্ষায়) ম্যাক্সিমাম নাম্বার রাখা আছে এই রাজ্যে৷ উচিত মিনিমাম নাম্বার রাখা।’’ স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার স্কোর রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে দেবে। বিধানসভার বাজেট অধিবেশনেই এই বিষয়ে প্রয়োজনীয় আইন পাশ করা হবে। ৬১টি রেলওয়ে প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। জমি জটে আটকে থাকা রেল প্রকল্পের কাজ শুরু হবে। রোজগার মেলা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। দমদম-জোকা মেট্রো রুটের সমস্যারও সমাধান হবে।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page