top of page

রেকর্ড আয়, বছরের শুরুতেই বেঙ্গল সাফারিতে চালু হতে পারে সিংহ সাফারি



কলকাতা, ১৫ নভেম্বর, ২০২৫: রেকর্ড আয় বেঙ্গল সাফারি পার্কের। ২০২৪ সালের তুলনায় ১০ লক্ষ টাকার বেশি রোজগার হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। এ বছর পুজোর মরশুমে পর্যটকদের ঢল উপচে পড়েছে পার্কে। তারই প্রতিফলন দেখা গেছে আয়ের খতিয়ানেও। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, এ বছর পুজোর সময় পর্যটকের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে, আর সেই বাড়তি ভিড়ই সরাসরি আয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি তিনি জানান, বেঙ্গল সাফারির পরিকাঠামো দ্রুতগতিতে আধুনিক করা হচ্ছে এবং আরও নতুন প্রাণী এনে আকর্ষণ বাড়ানোর পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে।

প্রসঙ্গত, শিলিগুড়ির বেঙ্গল সাফারি উত্তরবঙ্গের অন্যতম প্রধান বিনোদন ও ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে যথেষ্ট জনপ্রিয়। পার্কের পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও নতুন প্রাণী আনা হচ্ছে। চলতি বছরের জুলাই মাসেই কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল ১৮ টি নতুন প্রাণীকে। যার মধ্যে রয়েছে একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দু’টো পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দু'জোড়া পেইন্টেড স্টর্ক পাখি, এক জোড়া স্পুন বিল পাখি, একজোড়া স্ত্রী ঘড়িয়াল ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা। এতদিন ওই প্রাণীগুলোকে পরিবেশের সঙ্গে খাপখাওয়াতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এবার ডিসেম্বরের শুরুতেই ওইসব নতুন অতিথিদের দেখার সুযোগ পাবেন পর্যটকরা। এছাড়াও সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই চালু হতে পারে সিংহ সাফারি। আগামী দিনে বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের পুজোর আগেই শুরু হওয়ার কথা ছিল সিংহ সাফারি। কিন্তু পরিকাঠামোগত সমস্যা থাকায় তা হয়নি। পুজোর আগে থেকেই সেন্ট্রাল জু অথরিটির দেওয়া নির্দেশ অনুসারে সমস্ত ভুল শুধরে ও পরিকাঠামোগত উন্নয়ন করার কাজ শেষ হয়েছে। তারপর সেন্ট্রাল জু অথরিটির কাছে ফের সিংহ সাফারি চালু করার আবেদন জানিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। জু অথরিটির অনুমোদন এলেই নতুন বছরের শুরুতেই সিংহ সাফারি চালু করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে সুরজ ও তনয়া নামে একজোড়া সিংহ দম্পতি আনা হয়েছিল। চলতি বছরে ওই দম্পতি তিনটি শাবকের জন্মও দিয়েছে।

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, গতবারের তুলনায় এবার ১০ লক্ষ টাকা বেশি রোজগার হয়েছে। বেঙ্গল সাফারি পার্কে এটাই রেকর্ড আয়। সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে দুর্গাপুজো থেকে কালীপুজো ও ভাইফোঁটা পর্যন্ত পুজো মরশুমে বেঙ্গল সাফারি পার্কে রোজগার হয়েছিল ৬১ লক্ষ টাকা। চলতি বছরের অক্টোবর মাসে রোজগার হয়েছে ৭১ লক্ষ টাকা। শীতের মরশুমে নতুন প্রাণীদের দেখতে আরও পর্যটক ও স্থানীয়রা সাফারি পার্কে ভিড় করবেন। এমনই মনে করছে সাফারি কর্তৃপক্ষ।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page