যান্ত্রিক গোলযোগ! এক দিনে বাতিল এয়ার ইন্ডিয়ার ছ'টি বিমান, দুর্ঘটনার পর থেকে মোট ১১

১৭ জুন, ২০২৫: একের পর এক বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। তার জেরে বাতিল হয়েছে উড়ান। শুধু মঙ্গলবারই বাতিল হয়েছে এয়ার ইন্ডিয়ার ছ'টি বিমান। তার মধ্যে ছ’টিই ৭৮৭-৮ ড্রিমলাইনার। অহমদাবাদের মেঘানিনগরে গত বৃহস্পতিবার ভেঙে পড়ে বিমানটি। প্রাণ হারান ২৭০ জন। তাঁদের মধ্যে ২৪১ জন ওই বিমানেই ছিলেন। সেই বিপর্যয় কাটিয়ে ৬ দিনের মাথায় যখন আমেদাবাদ থেকে আবারও লন্ডনের পথে উড়তে চলেছিল ফ্লাইট, তাতেও ধাক্কা। টেক-অফের আগেই বাতিল করতে হলো তা।
বাতিল করা হয়েছে এআই- ৯১৫ দিল্লি-দুবাই ফ্লাইট, এআই-১৫৩ দিল্লি-ভিয়েনা ফ্লাইট, এআই-১৪৩ দিল্লি-প্যারিস ফ্লাইট, এআই-৯১৫ আমেদাবাদ-লন্ডন ফ্লাইট, এআই-১৩৩ বেঙ্গালুরু-লন্ডন ফ্লাইট ও এআই-১৭০ লন্ডন-অমৃতসর ফ্লাইট। একই সঙ্গে যান্ত্রিক সমস্যার কারণে এআই-৩১৫ হংকং-দিল্লিমুখী ড্রিমলাইনারকে উড়ানের পরেও ফেরানো হয় হংকং বিমানবন্দরে। এর আগে মধ্যরাতে এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকো-মুম্বই ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ হওয়ায় যাত্রীদের কলকাতা বিমানবন্দরে নামানো হয়। অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট ও লন্ডন থেকে যথাক্রমে হায়দরাবাদ ও চেন্নাইগামী লুফৎহানসা ও ব্রিটিশ এয়ারওয়েজের দু’টি বিমানকেও অরিজিন এয়ারপোর্টে ফেরানো হয়। বিমান দুর্ঘটনার পরেই বেশ কয়েকটি স্তরে একাধিক ক্ষেত্রে যে কোনও ফ্লাইট ছাড়ার আগে, বিশেষত এই ধরনের ইন্টারন্যাশনাল ফ্লাইট টেক-অফের আগে পরীক্ষানিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। ডিজিসিএ জানিয়েছে, জ্বালানি, ইঞ্জিন এবং হাইড্রলিক সিস্টেম পর্যালোচনা করে রিপোর্ট তৈরি করতে হবে। ফুয়েল প্যারামিটার মনিটরিং, কেবিন এয়ার কম্প্রেসার থেকে টেক-অফ প্যারামিটার— এরকমই বেশ কিছু জিনিসের পরীক্ষানিরীক্ষার কথা বলা হয়েছে ডিজিসিএ-এর তরফে। প্রতিটি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিশেষ ইঞ্জিনিয়ারদের টিমও রয়েছেন। তাঁরা চেক করছেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট দিচ্ছেন ডিজিসিএকে। তার পরেই মিলছে উড়ানের ছাড়পত্র।
এ দিন একের পর এক উড়ান বাতিলের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার বিবৃতি— কোনওটায় প্রি-ফ্লাইট চেকিংয়ের সময়ে সমস্যা হয়। কোনওটা আবার এয়ারক্রাফ্ট না থাকার জন্য বাতিল করা হয়েছে। তবে কোনও যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি বলেই দাবি করেছে এয়ার ইন্ডিয়া।









Comments