top of page

মধ্য কলকাতার বেশ কিছু অঞ্চলে ৬০ দিন ১৬৩ ধারা বলবৎ থাকবে, ২১ জুলাই সভা কোথায় হয়, তা দেখার


কলকাতা, ৩০ জুন, ২০২৬: কেউই নির্ধারিত জায়গায় শহীদদের স্মৃতিতে সভা করতে পারবেনা। ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকায় ৬০ দিনের জন্য মিছিল- সমাবেশে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ করে তৃণমূল। কিন্তু এ বার ওই চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (যা ছিল ১৪৪ ধারা) জারি করল পুলিশ। ৬০ দিন এই ধারা বলবৎ থাকবে। এই সময়ে কোনও জমায়েত করা যাবে না। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছেন।

প্রসঙ্গত, ২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ‘শহিদ দিবসের’ কর্মসূচি পালন করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল তৃণমূলের দুই শিবিরই। পুলিশ অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা গিয়েছিল কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেনদের। বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘটনায় ওই তিন নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, তাঁরা ব্যস্ত রাস্তায় যান চলাচলে সমস্যা তৈরি করেছেন। ওই তিন নেতাকে নোটিস পাঠানো হয়েছে হেয়ার স্ট্রিট থানার তরফে। কয়েক বছর বাদ দিলে গত ৩৩ বছর ধরে ধর্মতলাতেই ২১ জুলাইয়ের সভা করে এসেছেন মমতা। ২০১১ সালে ব্রিগেড ময়দানে ২১ জুলাইয়ের কর্মসূচি হয়েছিল। ২০১৩ সালে এবং কোভিডের কারণে ২০২০ ও ২০২১ সালেও ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা করেনি তৃণমূল।

এই প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের তরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী বলেন, “এখনও পুলিশের তরফে কোনও চিঠি আমরা পাইনি। তাই এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।” ঋতব্রত শিবিরের তরফে পরিষদীয় দলের মুখ্যসচেতক তথা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, “আমরা আমাদের শহিদ দিবস পালন করবই। তা কখনও মানুষের কোনও অসুবিধা করে হবে না। আমরা সবাই মিলে বসে এই কর্মসূচি নিয়ে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেব।”

পুলিশ কমিশনার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, বিশ্বস্ত সূত্র মারফত তাঁদের কাছে খবর এসেছে, হিংসাত্মক বিক্ষোভ হতে পারে। যার জেরে ব্যাহত হতে পারে শান্তিশৃঙ্খলা। তাই ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বউবাজার থানা এলাকা, হেয়ার স্ট্রিট থানা এলাকা, কলকাতা ট্র্যাফিক পুলিশের হেড কোয়ার্টার গার্ড এবং কেসি দাসের মোড় থেকে ভিক্টোরিয়া হাউস (CESC সদর দপ্তর) পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা বেন্টিঙ্ক স্ট্রিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবারে দেখার, কিভাবে এবং কোথায় দুই তৃণমূল গোষ্ঠী ২১ জুলাইয়ের সভা করে।



 
 
 

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page