top of page

মালদহের অশান্তির ঘটনা নিয়ে তুঙ্গে নির্বাচনী সংঘাত

কলকাতা, ২ এপ্রিল, ২০২৬: বৃহস্পতিবারে তুঙ্গে নির্বাচনী সংঘাত। মালদহের মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের। আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়। ভোটের প্রচার সভা থেকে কালিয়াচকের ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপ দেগেছেন অমিত শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ‘দুর্নীতির রেকর্ড গড়েছে মমতার সরকার।

মালদহে অশান্তির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বৃহস্পতিবার তড়িঘড়ি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশন। বিকেল সাড়ে ৩টে থেকে ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় বৈঠক। কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, এডিজি (আইন-শৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ, সকল জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।

প্রসঙ্গত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআর-এর কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। যদিও স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় উপস্থিত কয়েকজন বিক্ষোভকারী আহত হন। হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিষয়টি সুপ্রিম কোর্টকে জানান। তার পরেই বৃহস্পতিবার সকালে এসআইআর মামলাটি শুনতে চায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। অশান্তির ঘটনায় সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে, সিবিআই কিংবা এনআইএ-র মতো ‘স্বাধীন’ সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে কালিয়াচকের ঘটনায় ভর্ৎসনা করেন। প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের ব্যর্থতায় এটা ঘটেছে। বুধবার রাত একটা পর্যন্ত আমি নিজে জেগে থেকে ঘটনা মনিটর করেছি। লজ্জাজনক ঘটনা এবং নিন্দনীয়। আপনারা সবাই রাজনৈতিক মতাদর্শের উপরে ভিত্তি করে আচরণ করছেন। এমন রাজনৈতিক মেরুকরণ গোটা দেশের কোথাও দেখিনি।’

বৃহস্পতিবার সকালে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তাঁর মনোনয়ন উপলক্ষে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। মনোনয়ন পর্বের আগে হাজরার সভা থেকে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে হারানোর হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ঘরে ঢুকে হারানোর জন্যই শুভেন্দু অধিকারীকে এই কেন্দ্রে দাঁড় করানো হয়েছে।’ তবে এ দিন জনসভা থেকে রাজ্যবাসীকে সতর্ক করে জুডিশিয়াল অফিসারদের ঘিরে যে কোনও বিক্ষোভ থেকে বিরত থাকতে বলেছেন তৃণমূল সুপ্রিমো।

এ দিনও মোথাবাড়ি-সহ কালিয়াচক এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page