top of page

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী



কলকাতা, ৯ মে, ২০২৬: রাজ্য পেল প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। রাজ্যপাল আর এন রবি আজ শপথবাক্য পাঠ করান শুভেন্দুক অধিকারীকে। বাংলায় শপথবাক্য পাঠ করেন তিনি। এলাহী আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের এবং পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী সহ টালিগঞ্জের তথা সাংস্কৃতিক জগতের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বরা। আজ সকালে শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে ব্রিগেডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাড়িতে তিন জনেই দাঁড়িয়ে ছিলেন এবং উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়েছেন। মঞ্চে উঠে প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে গড় হয়ে প্রণাম জানান। ফুল দেন কবিগুরুর প্রতিকৃতিতে। তারপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এদিন ব্রিগেডে আরও পাঁচজন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করানো হয়। তাঁরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামানিক। তাঁরা মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রী হলেন। এই মন্ত্রীদের দফতর এখনও ঘোষণা করা হয়নি। সোমবার রাজভবনে বাকি মন্ত্রীরা শপথ নেবেন। নবান্নেই মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে পারে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেবেন বিধায়ক তাপস রায়। আগামী বুধবার এবং বৃহস্পতিবার শপথগ্রহণ করবেন নবনির্বাচিত বিধায়কেরা।

শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছে যান। সেখানে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হচ্ছিল। তিনি সেখানে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা অর্পণ করেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শনিবার ধর্মতলায় পূর্ত দফতরের তাঁবুতে বৈঠকটি হয়। এই বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন শুভেন্দু। অন্য দিকে, সোমবার বিকেল পাঁচটায় নবান্ন সভাঘরে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা, এমনই সূত্রের খবর।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথের কয়েকঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর নতুন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ করা হলো। আইএএস শান্তনু বালা হলেন শুভেন্দু অধিকারীর নতুন পার্সোনাল সেক্রেটারি। অন্য দিকে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত হলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। গত বছরের অক্টোবরে রাজ্যে এসআইআর শুরু হয়। সেই সময়েই সুব্রতকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে বিশেষ পর্যবেক্ষক হিসেবে তাঁর ভূমিকায় কমিশন সন্তুষ্ট হয়। তাঁকে রাজ্যের বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি হওয়ার আগে শান্তনু বালা ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে। ২০১৭ সালের ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালা। এর আগে কোচবিহার ও মুর্শিদাবাদ জেলার এডিএম পদে ছিলেন তিনি।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page