top of page

বেনজির ঘটনা- দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে রাজ্যের বিধানসভা মার্শাল সাসপেন্ডেড

কলকাতা, ৫ অগস্ট, ২০২৬: রাজ্যের ইতিহাসে বেনজির ঘটনা। ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের পরিচিতি শিবিরে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করল বিধানসভা সচিবালয়। মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে তাঁর পদচ্যুতির লিখিত নির্দেশনামা জারি করা হয়। বিধানসভার ইতিহাসে, কোনও পদে থাকা মার্শালকে সাসপেন্ড করার ঘটনা রাজ্যে এই প্রথম। বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের ওরিয়েন্টেশন বা পরিচিতি শিবিরে দায়িত্ব পালনের ক্ষেত্রে একাধিক গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এর মধ্যে অন্যতম বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।

সূত্রের খবর, সম্প্রতি ১৮তম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি হাইপ্রোফাইল ওরিয়েন্টেশন বা পরিচিতি শিবিরের আয়োজন করা হয়। লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে হওয়া সেই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বিধায়কদের সঙ্গে ও সার্বিক দায়িত্বে দেবব্রতবাবু মোটেও দায়িত্বপূর্ণ আচরণ করেননি বলে অভিযোগ। বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাসের নির্দেশে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি কর্মচারীদের পদমর্যাদা বিন্যাস, শৃঙ্খলা রক্ষা এবং শাস্তিমূলক ব্যবস্থারর আইনি বিধির ১০ নম্বর ধারা অনুযায়ী মার্শাল-এবং-সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই বিধির ৭(১)(এ) ধারা অনুযায়ী তাঁকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে তদন্তের রিপোর্ট আসার পরেই তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

সূত্রের খবর, এই সিদ্ধান্তের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও আনুষ্ঠানিক ভাবে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট আদেশের কপি ইতিমধ্যেই প্রধান সচিবের স্বাক্ষর-সহ অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, অর্থ দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিধানসভার ভিতরে সমস্ত রকম নিরাপত্তা সংক্রান্ত বিষয় এই মার্শালের উপরেই ন্যাস্ত থাকে। তিনি তাঁর টিম নিয়েই এই কাজ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিধানসভা সূত্রে ইঙ্গিত মিলেছে।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page