top of page

বিধানসভায় মুখ্যমন্ত্রী সহ নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ

কলকাতা, ১৩ মে, ২০২৬: মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথমবার তিনি বিধানসভার অলিন্দে পা রাখলেন। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢুকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাঁকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তথা মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায়। প্রথামাফিক মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রথম বিধায়ক হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু। অর্থাৎ, নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিতে চলেছেন। তবে নন্দীগ্রাম ছাড়লেও, নজর যে সব সময়েই সে দিকে থাকবে এ কথাও স্পষ্ট করে দেন তিনি। তিনি বলেন, 'নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেবো না যে, তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়।’

শুভেন্দুর পর শপথ নেন রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যেরা। একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকেরা। তার পর অন্য বিধায়কদের শপথগ্রহণ হয়। প্রথম দফায় দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৮০ জন বিধায়ক শপথ নেন। এই পর্বে মূলত উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার বিধায়কদের শপথগ্রহণ হয়েছে। দ্বিতীয় পর্বে শপথগ্রহণ শুরু হয় দুপুর ২টোয়। এই পর্বে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিধায়কেরা শপথ নেন। বুধবারের পর বৃহস্পতিবারও জয়ী বিধায়কদের শপথগ্রহণ চলবে বিধানসভায়। সেদিনও প্রত্যেককেই শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। ১৫ মে (শুক্রবার) বিধানসভায় স্পিকার নির্বাচন হওয়ার কথা। সূত্রের খবর, তাপসকেই বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনীত করা হতে পারে। বুধবার বিধানসভায় শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ মোট ১৫২ জন বিধায়ক।

পূর্ণ মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তকে শিক্ষা দফতর দেখাশোনার দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে রাসবিহারীর বিধায়ককে এই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এখনও পর্যন্ত শিক্ষা দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব কেউ পাননি। ইতিমধ্যেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ সামনেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের দৈনন্দিন কাজ দেখভালের জন্য স্বপন দাশগুপ্তের মতো অভিজ্ঞ বিধায়ককেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী। এ দিনই শিক্ষা দফতরের সচিবকে স্কুলে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের সব কলেজের পরিচালন সমিতি ভেঙে দিল উচ্চ শিক্ষা দপ্তর। মঙ্গলবারই এই সিদ্ধান্ত সংক্রান্ত একটি বিজ্ঞাপ্তি প্রকাশিত হয় নবান্ন থেকে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মঙ্গলবার থেকেই সমস্ত কলেজ পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং মনোনীত সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবসরের পরেও যাঁরা দায়িত্বে ছিলেন, এই নির্দেশিকা তাঁদের জন্যেও প্রযোজ্য।

নবান্নের বৈঠকে টলি পাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে চার বিধায়ককে। টালিগঞ্জের স্টুডিও পাড়ার দায়িত্ব পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবকে উদ্দেশ করে বলেন, “টালিগঞ্জের সমস্যা মেটাতে হবে। সবার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে”।

এদিকে আজও মাছ ভাতের আয়োজন ছিল। শপথবাক্য পাঠ করানোর পরেই তাপস জানান, বিধানসভায় মাছ-ভাতের আয়োজন করা হয়েছে। তার পরেই এক এক করে বিজেপি বিধায়কেরা গিয়ে মধ্যাহ্নভোজ সেরেছেন। সূত্রের খবর, মধ্যাহ্নভোজের মেনুতে ছিল মাছ, ভাত, ডাল, আলুভাজা আর সবজি। প্রসঙ্গত, সোমবার নবান্নে বিজেপি বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে সন্ধ্যার স্ন্যাকসে ফিশফ্রাইয়ের ব্যবস্থাও করা হয়েছিল।

ভবানীপুরে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল করলেন শুভেন্দু অধিকারী। চেতলা মহাবীর মন্দিরে ঢুকে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজয় মিছিলে ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানান তিনি। গাড়ি থেকে হেঁটে নেমেও আসেন শুভেন্দু। দক্ষিণ কলকাতা জুড়ে বিজয় মিছিল বিজেপির। চেতলা লক গেট থেকে মিছিল শুরু করে ২৪ পল্লি হয়ে সার্ভে বিল্ডিং এর সামনে থেকে কালীঘাট, হাজরা মোড় পেরিয়ে এক্সাইড হয়ে ক্যামাক স্ট্রিটে শেষ হবে।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page