বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়
- The Conveyor
- 3 days ago
- 1 min read

কলকাতা, ১২ মে, ২০২৬: মঙ্গলবার বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়। পশ্চিমবঙ্গের লোক ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের অন্য বিধায়কদের শপথগ্রহণ হবে। প্রোটেম স্পিকারের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণে হাজির ছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরেই সোজা চলে যান লোক ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী এবং কয়েক জন হবু বিধায়কও।
বুধ এবং বৃহস্পতিবার মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন তাপস। শপথগ্রহণ পর্ব মিটতেই স্পিকার নির্বাচন হবে। সূত্রের খবর, তাপসকেই বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনীত করা হতে পারে। স্পিকার বাছাই প্রক্রিয়া শেষ হলে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর।
বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং অন্য মন্ত্রীদের বিধায়কপদে শপথ হবে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়কপদে শপথ নেবেন। এর পরে বৃহস্পতিবার প্রধমার্ধে শপথবাক্য পাঠ করবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে এমনই খবর।
এদিকে মঙ্গলবার রাইটার্স বিল্ডিংসে থাকা বিচার বিভাগের সমস্ত কর্মীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, ‘সবাইকে সকাল ১০টা ১৫-এর মধ্যে অফিসে আসতে হবে। বিকেল ৫টা ১৫-র আগে অফিস থেকে বেরোনো যাবে না।’ সরকারের যাবতীয় কাজ যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায়, তার জন্যই এই নির্দেশ বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।









Comments