top of page

বিজেপি- তে যোগ দিলেন আপ এর রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা

২৪ এপ্রিল, ২০২৬: জল্পনা চলছিলই, কি করতে চলেছেন তিনি! অবশেষে আম আদমি পার্টি ত্যাগ করলেন দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। একা তিনি নন, আম আদমি পার্টির মোট সাত জন রাজ্যসভার সাংসদই বিজেপি-তে যোগ দিচ্ছেন বলে এ দিন দাবি করেছেন রাঘব চাড্ডা৷ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহও আপ ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর। রাঘব চাড্ডার এই দাবি সত্যি হলে আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন ধরাতে চলেছে বিজেপি।

প্রসঙ্গত উল্লেখ্য, কেজরিওয়ালের দলের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাবে নাকি সই করতে রাজি হননি রাঘব। এখান থেকেই যাবতীয় সংঘাতের সূত্রপাত। রাঘবের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন আপের শীর্ষ নেতারা। আপ-এর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। রাঘবের ডানা ছাঁটতে শুরু করেন কেজরিওয়ালও। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনকী রাজ্যসভায় রাঘবের বক্তব্য রাখার সময়ও কমিয়ে দেওয়া হয়। আপ জানায়, তিনি অপ্রাসঙ্গিক সব বিষয় নিয়ে কথা বলছেন। এর পাল্টা ক্ষোভ উগরে দিয়ে একটি ভিডিয়োয় রাঘব বলেন, ‘আমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ সঙ্গে ‘ধুরন্ধর’-এর সেই বিখ্যাত সংলাপও বলেন, ‘ঘায়েল হু, ইসলিয়ে ঘাতক হু।’

শুক্রবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপি-তে যোগ দেওয়ার কথা রাঘব নিজেই ঘোষণা করেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভায় আপের আরও দুই সাংসদ সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল। তাঁরাও কেজরীর হাত ছাড়ছেন। এই মুহূর্তে রাজ্যসভায় আপের সাংসদ সংখ্যা ১০। তাঁদের অধিকাংশই পঞ্জাবের। এর মধ্যে থেকে সাত জন সাংসদ বিজেপি-তে চলে গেলে রাজ্যসভায় আপের প্রতিনিধিত্ব করার জন্য দুই-তিন জনের বেশি সাংসদ অবশিষ্ট থাকবেন না। এর ফলে পঞ্জাবে আপের আরও কিছুটা শক্তিক্ষয় হল বলে মনে করা হচ্ছে। রাঘবদের আপ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার পরেই কেজরী সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। একটিই লাইন লিখেছেন তিনি— ‘‘বিজেপি আবার পঞ্জাবের মানুষকে ঠকাল।’’

এদিকে রাঘব জানিয়েছেন, যে দলটিকে তিনি নিজের রক্ত আর ঘাম দিয়েছিলেন, সেই দল তার নীতি থেকে বিচ্যুত হয়েছে। রাঘবের কথায়, ‘‘যে আপ-কে আমি নিজের রক্ত আর ঘাম দিয়ে লালন করেছি, নিজের যৌবনের ১৫ বছর দিয়েছি, সেই দল নিজেদের নীতি, মূল্যবোধ থেকে সরে গিয়েছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না। বরং ব্যক্তিগত সুবিধা লাভের জন্য কাজ করে। গত কয়েক বছরে আমার বার বার মনে হয়েছে, আমি ভুল দলে রয়েছি। তাই আজ আমরা আপ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলাম এবং মানুষের কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নিলাম।’’



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page