পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন আবহে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- The Conveyor
- 14 hours ago
- 2 min read

২৬ মার্চ, ২০২৬: আগামিকাল, শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের প্রায় এক মাস হতে চলেছে। এই পরিস্থিতিতে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন।
ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সেই প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। দেশে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকা পেট্রোল ও ডিজেলের দাম এবার অস্থিরতার দিকে যেতে শুরু করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে বিশ্ববাজারে জ্বালানির মূল্য প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ কিন্তু ভারতের জ্বালানি বিপণনকারী কোম্পানিগুলি পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি করেনি ৷
বাংলা-সহ ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। মডেল কোড অব কনডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে আলাদাভাবে মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করবেন তাদের সমস্ত পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আপডেট দিতে। সূত্রের খবর, দেশে জ্বালানি তেল, গ্যাসের সরবরাহের পরিস্থিতি কী, রাজ্যগুলি কী কী ব্যবস্থা নিয়েছে, নাগরিকদের নিরাপত্তার বিষয়েও আলোচনা হতে পারে। এই সঙ্কটময় পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত রাজ্যকে একযোগে কাজ করার বার্তাও দিতে পারেন প্রধানমন্ত্রী বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই সঙ্কটময় সময়ে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা কী ভাবে বজায় রাখা যায়, রাজ্যগুলি কোনও বিকল্প ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে কি না, বৈঠকে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হতে পারে। এলপিজি গ্যাস সঙ্কটে তৈরি বর্তমান জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কতটা, সাপ্লাই চেইন, শক্তি সুরক্ষা ও বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে আলোচনা করা হবে এই ভার্চুয়াল বৈঠকে।
করোনাকালে যেমন সমস্ত রাজ্য একসঙ্গে মিলিতভাবে কাজ করেছিল, ‘টিম ইন্ডিয়া’ চিন্তাধারাকে মাথায় রেখে এগিয়ে গিয়েছিল, সেই মতোই পশ্চিম এশিয়ার এই সংঘাত পরিস্থিতিতেও একসঙ্গে কাজ করার বার্তাই দেবেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি সংঘাত আবহে দেশের স্থিতাবস্থা বজায় রাখতে ও আকস্মিক পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই সংসদের উভয় কক্ষে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।









Comments