top of page

দীর্ঘ সময় পরে বাংলাদেশে সম্পন্ন হল সাধারণ নির্বাচন। শুরু হয়েছে ভোটগণনা



১২ ফেব্রুয়ারি, ২০২৬: শেখ হাসিনার সরকারের পতনের ১৮ মাস পরে বাংলাদেশে হল সাধারণ নির্বাচন। বিক্ষিপ্ত কিছু হিংসা আর চার জনের মৃত্যুর খবর ছাড়া মোটের উপরে শান্তিপূর্ণ ভাবেই শেষ হলো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তেমনই দাবি বাংলাদেশ নির্বাচন কমিশনের। বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশের সময়) দেশের ৩২,৭৮৯ কেন্দ্রে ভোটের হার ছিল ৩২.৮৮ শতাংশ।

হাসিনা সরকারের পতনের দেড় বছর পরে এই নির্বাচনকে ঘিরে এ দিন বাংলাদেশে উদ্দীপনা ছিল তুঙ্গে। ৩০০টি আসন থাকলেও ১টি আসনে এক প্রার্থীর মৃত্যুতে ভোট বাতিল হওয়ায় এ দিন ভোট নেওয়া হয়েছে ২৯৯টি আসনে। পাশাপাশি সংবিধান সংস্কারের লক্ষ্যে গণভোটেও অংশ নিয়েছেন বাংলাদেশি জনতা। কিছু কিছু বুথে মানুষের ভিড় না থাকলেও মোটের উপরে গোটা বাংলাদেশেই সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। ঢাকার একাধিক কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। তবে ‘উৎসবের সুর’ কিছুটা কেটেছে কিশোরগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও সরাইলে ৪ জনের মৃত্যুর ঘটনায়। খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির সময়ে মৃত্যু হল এক বিএনপি নেতার। বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আওয়ামি লিগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জ, কুমিল্লা এবং ঢাকার মুন্সিগঞ্জে ককটেল বোমা বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশের সাধারণ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী মূলত দু’টি রাজনৈতিক শিবির৷ এক দিকে রয়েছে, বাংলাদেশের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বর্তমানে, যার চেয়ারপার্সন তাঁর ছেলে তারেক রহমান৷ অন্যদিকে, জামাত-এ-ইসলামি এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র যুবদের নব প্রতিষ্ঠিত সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-সহ ১১টি রাজনৈতিক দলের জোট।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবারের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল কম। সমাজমাধ্যমে হাসিনার দাবি, দেশবাসী এই ‘প্রহসনের ভোটকে প্রত্যাখান’ করেছেন। হাসিনা ভোট কেনাবেচা, কারচুপির অভিযোগও করেছেন। এই বাংলাদেশ নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। তাদের কার্যক্রম স্থগিত করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনা জানান, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া এই ভোটকে ‘প্রত্যাখ্যান’ করেছেন। অন্যদিকে বাংলাদেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচনে ভোটের হার নিয়ে উদ্বিগ্ন বিএনপি। তাদের দাবি, সর্বত্রই ভোটারদের উপস্থিতি বেশ কম। ঢাকা-সহ তিনটি বিভাগে ভোটের হার নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেছে তারা। দলের নেতাকর্মীদের উদ্দেশে বার্তাও দেওয়া হয়েছে।

সংসদ নির্বাচনের পাশাপাশি বাংলাদেশে জুলাই সনদ নিয়ে গণভোটও চলেছে। এই প্রথম সংসদ নির্বাচন এবং গণভোট হচ্ছে একসঙ্গে। ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। গণনা শুরুও হয়ে গিয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে ভোটের ফলাফল জানা যাবে শুক্রবার।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page