top of page

দুই সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী থেকে গতিপথ পাল্টানোয় জোর চর্চা



২৩ জুন, ২০২৫: ইতিমধ্যেই ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এর পরেই তেলবাহী দুই ‘সুপার ট্যাঙ্কার’ রবিবার রাতে আচমকা গতিপথ বদলে পারস্য এবং ওমান উপসাগরের সংযোগরক্ষাকারী ওই প্রণালী ছেড়ে সরে গিয়েছে বলে খবর। নতুন করে সঙ্কটে উপসাগরীয় অঞ্চল। সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানাচ্ছে, ‘কোসউইজ়ডম লেক’ এবং ‘সাউথ লয়্যালটি’ নামে ওই দুই সুপার ট্যাঙ্কারদু’টি ২০ লক্ষ ব্যারেল করে অশোধিত তেল পরিবহণে সক্ষম।

সংযুক্ত আরব আমিরশাহি এবং ইরানের মধ্যে মাত্র ৩৮ কিলোমিটার চওড়া হরমুজ প্রণালী বিশ্ব জুড়ে ‘তেলের করিডর’ হিসেবে পরিচিত। সারা পৃথিবীর মোট জ্বালানি তেলের ২০ শতাংশ এই জলপথের মাধ্যমে পশ্চিম এশিয়া থেকে বহির্বিশ্বে রফতানি করা হয়। ইরানের হুমকির জেরে আগামী দিনে বিশ্ব জুড়ে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, রবিবার ভোরে (ভারতীয় সময়) ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। তার মধ্যে ছিল ফোরডো, নাতান্‌জ এবং ইসফাহান। তার প্রতিক্রিয়াস্বরূপ ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে। ইতিমধ্যেই বিশ্বের অন্যতম তেল পরিবহণকারী দেশ গ্রিস তাদের ট্যাঙ্কার সংস্থাগুলিকে হরমুজ় প্রণালী পরিহার করার ‘পরামর্শ দিয়েছে’।

ইরান থেকে সরাসরি তেল আমদানি না করলেও, ভারতের আমদানি করা অশোধিত তেলের তিন ভাগের দু’ভাগ আসে ইরানের সীমান্তবর্তী হরমুজ় প্রণালী হয়ে। কাতারের মতো দেশ থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাস বা এলএনজি-র অর্ধেক আসে সেই পথে। এখন দেখার, ভারত কিভাবে এই সমস্যার সমাধান করে।

এদিকে ইজরায়েল-আমেরিকার হামলার পরে এখন একটি বিশেষ বাহিনী আয়াতোল্লা আলি খামেনেইয়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। মাঝেমধ্যেই ইজরায়েলের তরফে ইরানে সরকার বদলানোর ডাক দেওয়া হয়েছে। নিজের উত্তরসূরির নামও বেছে রেখেছেন খামেনেই। ইরানের বর্তমান সরকার ও সেনার অন্দরেও মোসাদের এজেন্ট রয়েছে বলে মনে করছেন খামেনেই ঘনিষ্ঠরা। সেই কারণে এখন আলি খামেনেই কোথায় রয়েছেন, তা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–এর শীর্ষ আধিকারিকদেরও। আলি খামেনেই না থাকলে যুদ্ধ হবে না বলে মন্তব্য করেছিলে খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই আবহে খামেনেইয়ের প্রাণনাশের চেষ্টা করতে পারে ইজরায়েল, এমনই আশঙ্কা ইরানের। তার ফলে আটোসাঁটো করা হচ্ছে তাঁর নিরাপত্তা। নিজের পরিচিতদের বলয় ক্রমশ ছোটো করে ফেলছেন খামেনেই। মোবাইল ফোন, ট্যাব-সহ যে কোনও রকম ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বন্ধ করেছেন তিনি।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page