তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ৫, আহত ২০
- The Conveyor
- 1 day ago
- 2 min read

কলকাতা, ২৪ জুন, ২০২৬: ফের ভয়াবহ দুর্ঘটনা শহরে। তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। এখনও অব্দি পাঁচ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে ২ জন রয়েছেন আইসিইউ তে। তারাতলার অভিশপ্ত গোডাউনে এখনও অনেক শ্রমিকই ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা।
ভেঙেছে বিরাট বিরাট কংক্রিটের চাঙর। ভেঙে পড়েছে বড় বড় লোহার বিম। ধ্বংসস্তূপের নীচে থেকে আটকে থাকা শ্রমিকদের হাত, পা, মুখও দেখা গিয়েছে বেশ কয়েক জায়গায়। কিন্তু ভারী ভারী কংক্রিটের চাঙর সরিয়ে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। অসহায়ের মতো দর্শক ছোটাছুটি করতে থাকেন স্থানীয় বাসিন্দা থেকে উদ্ধারকারী দলের সদস্যরা। দুপরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। আর্থ মুভার, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়েছে। চাপা পড়ে থাকা অবস্থায় অনেকেই বাঁচানোর জন্য চিৎকার করছেন। উদ্ধার কাজ চলছে। NDRF, দমকল, পুলিশ, সেনাবাহিনী উদ্ধার কাজ করছে। আহতদের খুঁজতে ড্রোন ওড়ানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী ও বেহালা পূর্বের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকরা। গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
কলকাতা পুর এলাকায় সমস্ত নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পর নবান্নে যান তিনি। সেখানেই সাংবাদিক বৈঠকে জানান, এখনও ভিতরে ১২ থেকে ১৫ জন আটকে রয়েছেন। দেওয়া হচ্ছে জল-অক্সিজেন। কলকাতার সমস্ত নির্মাণকাজ আপাতত স্থগিত রাখার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা (বিল্ডিং প্ল্যান) অনুমোদিত হয়েছিল, সেগুলির নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের পূর্ত, অসামরিক প্রতিরক্ষা দফতর, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা। যাঁরা নিয়ম মেনে কাজ করছেন, তাঁরা ১ অগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে জরুরি পরিষেবার কাজের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলে জানিয়েছেন তিনি। একই ধরনের পদক্ষেপ পরে হাওড়া এবং বিধাননগর পুর এলাকাতেও করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলায় যে গুদামের কাঠামো ভেঙে পড়েছে, সেটির নকশা গত ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা অনুমোদন করেছিল। নকশায় ত্রুটি ছিল। তারাতলার ঘটনায় সরকার কী কী আইনি পদক্ষেপ করবে, হতাহতদের পরিবার কতটা ক্ষতিপূরণ পাবে, তা বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিধানসভায় জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বছর দেড়েক ধরে ব্রেসব্রিজ স্টেশন লাগোয়া ট্রান্সপোর্ট ডিপো সংলগ্ন ওই গুদামের নির্মাণ কাজ চলছিল। লিজে জমি নিয়ে সেই কাজ চালাচ্ছিল একটি চা সংস্থা। লোহার বিমের উপরে টিনের উপরে ঢালাই করা হচ্ছিল। স্থানীয় সূত্রে দাবি, সকাল থেকেই দুলছিল নির্মীয়মাণ ওই কাঠামো। শ্রমিকেরা তা পরখ করতে গিয়েছিলেন। তার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার বিম-সহ প্রায় পাঁচ তলা উঁচু ওই কাঠামো।









Comments