তারাতলার গুদামধস কাণ্ডে মৃতদের ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য
- The Conveyor
- 10 minutes ago
- 2 min read

কলকাতা, ২৫ জুন, ২০২৬: তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য। বৃহস্পতিবার বিধানসভায় দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
বিধানসভায় বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বুধবার রাতভর উদ্ধার অভিযান চলেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) কুণাল অগ্রবাল। তিনি জানান, মোট ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৯ জন। তাঁরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এখনও উদ্ধারকাজ সম্পন্ন হয়নি। শহরে কিছুক্ষন উদ্ধারকাজ থেমে থাকলেও বৃষ্টি থামলেই ফের উদ্ধারকাজ শুরু হয়।
এদিকে তারাতলার নির্মীয়মাণ গুদামে কত জন শ্রমিক কাজ করছিলেন, পুলিশ তার সঠিক কোনও হিসেব পাচ্ছে না। কারণ, ওই গুদামে কোনও উপস্থিতির হিসেব রাখা হত না। অভিযোগ, কোনও রেজিস্ট্রার ছিল না। তাই এখনও কত জন ধ্বংসস্তূপের ভিতরে আটকে আছেন, তার সঠিক হিসাব নেই। উদ্ধারকাজ চলছে। মোট পাঁচ জনের নাম ছিল এফআইআর-এ। তাঁদের মধ্যে প্রধান ঠিকাদার আসগর হুসেনের দেহ ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে। বাকি এফআইআর-এ নাম থাকা চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। বেহরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিধানসভা থেকে তারাতলার ঘটনার জন্য পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভেঙে পড়া গুদামের নকশায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমেরও সই রয়েছে বলে তিনি দাবি করেন। তারাতলার ঘটনায় মুখ্যমন্ত্রীর তৎপরতা ও সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেন সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। ঘটনার নেপথ্যে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দায় যে এড়ানো যাবে না সে বিষয়ে স্পষ্ট মন্তব্য করেন মোস্তাফিজুর। ‘অন্য’ তৃণমূল বলে তিনি যেন পার পেয়ে না যান।” দায় ও অপরাধ মেনে ফিরহাদের উপযুক্ত শাস্তিরও আর্জি জানিয়েছেন তিনি। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'এ ব্যাপারে আমার জানা নেই। সাধারণ ভাবে পুরসভার প্ল্যান অনুমোদন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে। এমবিসি-তে (মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি) টেকনিক্যাল লোকেরা থাকেন। আমার তাতে কোনও এক্তিয়ার নেই। কোনটা বেআইনি হল, কোনটা হল না, সেটা দেখারও এক্তিয়ার আমার নেই। এমবিসি থেকে কমিশনার হয়ে অনুমোদনের জন্য আমার কাছে আসে। ওটা শুধু একটা ফর্মালিটি, সই করার জন্য।'
প্রসঙ্গত তারাতলায় নির্মাণকাজের সময় দুর্ঘটনার ঘটনায় ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। অতিরিক্ত মুখ্যসচিব (যুব কল্যাণ ও ক্রীড়া দফতর) রাজেশ কুমার সিনহাকে কমিটির চেয়ারম্যান করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, PWD, KMRCL, IRCON-সহ একাধিক দফতরের প্রতিনিধিদের রাখা হয়েছে।









Comments