তৃণমূলের বিদ্রোহী সাংসদদের চিঠি প্রকাশ্যে, সোমবারে স্পিকারের সঙ্গে কথা। দিল্লিতে তৃণমূলে কার্যালয় বদল
- The Conveyor
- 4 hours ago
- 2 min read

কলকাতা, ১২ জুন, ২০২৬: তৃণমূলের একদল ‘বিদ্রোহী’ সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে নিজেদের এনডিএ-সমর্থক ব্লকের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন দিন কয়েক আগে। সেই দাবির সমর্থনে একটি সই-সহ চিঠিও প্রকাশ্যে এসেছে বলে খবর। চিঠিতে মোট ১৯ জন সাংসদের সই রয়েছে বলে দাবি করা হয়েছে। তালিকায় অভিনেতা-সাংসদ দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, ইউসুফ পাঠান-সহ আরও কয়েকজন সাংসদের নাম রয়েছে। আগামী সোমবার এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা হবে এমনই খবর।
বিদ্রোহী সাংসদদের স্বাক্ষর সংবলিত যে পাতা প্রকাশ্যে এসেছে, তাতে ১৯ জনের সই রয়েছে। প্রথমেই স্বাক্ষর বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর স্বাক্ষরের পাশে লেখা হয়েছে ‘চিফ হুইপ’। তার পরেই স্বাক্ষর রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। তাঁর স্বাক্ষরের পাশে লেখা ডেপুটি লিডার। তারপর একে একে সকলের স্বাক্ষর রয়েছে। দু’টি পৃথক জায়গায় স্বাক্ষর রয়েছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের।
এই প্রসঙ্গে মুখ খুললেন বিদ্রোহী ব্লকের ডেপুটি লিডার, সংসদ শতাব্দী রায়। তিনি বলেন, “আমি তো আগেই বলেছিলাম বার বার আমাদের ম্যাজিক ফিগার হয়ে গিয়েছে। এবার তো সেটার প্রমাণ দিলাম।” তিনি জানান, “সেই সময় স্পিকার ছিলেন না দিল্লিতে। বলেছিলাম অধ্যক্ষ আসবেন। আমাদের নির্দিষ্ট কিছু পলিসি আছে। সেগুলোর জন্য অপেক্ষা করছি। তারপরেই সবটা জানা যাবে।
প্রসঙ্গত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই চিঠি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যেহেতুই প্রকাশ্যে চিঠির কোনও কপি আসেনি, তাই সব মনগড়া, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা ইত্যাদি বলেছিলেন। তাই এবারে সাংসদ শতাব্দী রায় জবাব দিলেন। যদিও চিঠিটি ঠিক কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছেনা।
তবে সংবিধান বিশেষজ্ঞ ও লোকসভার প্রাক্তন মহাসচিব পিডিটি আচার্য বলছেন, লোকসভায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বিদ্রোহী সাংসদরা যদি সংসদে আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করেন, তবে তাঁদের সাংবিধানিক বাধার মুখে পড়তে হতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে, দলত্যাগ-বিরোধী আইন কোনো দলের অভ্যন্তরে আলাদা গোষ্ঠী গঠনের অনুমতি দেয় না। আবার পিটিআই-এর তথ্য অনুযায়ী, বিদ্রোহী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানিয়েছেন যে, বিদ্রোহী গোষ্ঠীটি ইতিমধ্যেই স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে এবং আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নিজেদের দাবি পেশ করবে। বসুনিয়া বলেন, “আমরা চিঠিটি জমা দিয়েছি... সোমবার আমরা স্পিকারের কাছে গিয়ে প্রকৃত তৃণমূল (TMC) সংসদীয় দল গঠনের দাবি জানাব। আমরা স্পিকারের কাছে আমাদের এই দাবিকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ করব।”









Comments