top of page

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ২৮ ফেব্রুয়ারি, জানিয়ে দিল শীর্ষ আদালত


কলকাতা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬: এসআইআরের কাজে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। য়োজনে ফাইনাল ডেটের পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে বলেও জানায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ।

শুক্রবার ফের বাংলার এসআইআর মামলার শুনানি হয়েছে শীর্ষ আদালতে। শুনানির প্রথমেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, তালিকা প্রকাশ করা হচ্ছে না। তালিকা প্রকাশের কাজ থমকে গিয়েছে। পাল্টা কমিশন জানায়, এসআইআরের কাজে সাহায্যের জন্য আরও গ্রুপ-বি কর্মী চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল তারা। কিন্তু জবাবে সরকার জানিয়েছে, কমিশনের আবেদন ‘বিবেচনাধীন।' এরপরেই রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তার অব্যবহিত পরে নির্বাচন আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালকে ফোন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার মধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) নিয়ে বৈঠকে কড়া বার্তা সিইও দফতরের। সূত্রের খবর, বৈঠকে বেশ কয়েক জন ডিইও ‘স্ক্রুটিনি’-র জন্য সময় চেয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বার্তা দেন তিনি।

এছাড়াও এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট শুক্রবার নির্দেশ দিয়েছে, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে কর্মরত জেলা বিচারক এবং অবসরপ্রাপ্ত জেলা বা অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করতে হবে। তাঁদের প্রত্যেক জেলায় নিয়োগ করে লজিক্যাল ডিসক্রেপ্যান্সি (তথ্যগত অসঙ্গতি) সংক্রান্ত সব দাবি বা অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি, নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভার এবং রাজ্যের নিযুক্ত আধিকারিকেরা এই বিচারকদের সাহায্য করবেন। এদিন প্রধান বিচারপতি জানান, এসআইআরের কাজ সম্পূর্ণ না হলে গুরুতর সমস্যা হবে। তা কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার উভয়ের বোঝা উচিত। তাঁর কথায়, ‘এই রাজ্যে এসআইআর শেষ করতে হয় বিচারবিভাগীয় আধিকারিক বা প্রাক্তন বিচারপতিদের আনতে হবে, অথবা অন্য রাজ্য থেকে আইএএস অফিসারদের নিয়োগ করতে হবে।’

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় না রাখতে পারলে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘দুর্ভাগ্যজনক একটা দোষারোপের খেলা চলছে। দু’টি সাংবিধানিক প্রতিষ্ঠান একে অপরকে দোষ দিচ্ছে। কমিশন আর রাজ্যের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে।’ সুপ্রিম কোর্ট জানিয়েছে, শনিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হবে কমিশনের প্রতিনিধি, সিইও, মুখ্যসচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের। কী ভাবে এসআইআর সংক্রান্ত অচলাবস্থা কাটানো যায় এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page