গ্রেফতার সোনম ওয়াংচুক

২৬ সেপ্টেম্বর, ২০২৫: জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করল পুলিশ৷ সত্যি হল আশঙ্কা। লাদাখে হিংসাত্মক আন্দোলনের দু'দিন পর ইঞ্জিনিয়র, গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হল। লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়ালের নেতৃত্বে পুলিশবাহিনী দুপুর আড়াইটায় ওয়াংচুককে তাঁর লেহর বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাঁকে রাজস্থানের জেলে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রসঙ্গত, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার লাদাখের রাজধানী লেহ শহরে বিক্ষোভে নেমেছিলেন কয়েক হাজার তরুণ-তরুণী। হিংসাত্মক বিক্ষোভের একদিন পরই সমাজকর্মী সোনম ওয়াংচুকের এনজিওর বিদেশি অনুদান গ্রহণের অনুমতি বাতিল করে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে খবর, এফসিআরএ আইন বারবার ভাঙার অভিযোগে ওয়াংচুকের প্রতিষ্ঠানের বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স খারিজ করা হয়েছে। অভিযোগ, নিয়ম না মেনে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল সংগঠনটি। তাই লাদাখ অশান্তির ২৪ ঘণ্টার মধ্যেই ওয়াংচুকের এনজিওর লাইসেন্স খারিজ হয়।
শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ওয়াংচুকের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার আগেই লাদাখ পুলিশের ডিজিপি এসডি সিং জামওয়ালের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেফতার করে। উল্লেখ্য, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্গত করে পূর্ণাঙ্গ স্বশাসনের আওতায় আনা এবং পরবর্তী পর্যায়ে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের জন্য অনশনে বসেছিলেন ওয়াংচুক-সহ ‘লেহ অ্যাপেক্স বডি’-র কয়েক জন সদস্য। পিটিআই-এর প্রতিবেদককে বৃহস্পতিবার সোনম জানিয়েছিলেন, প্রায় ১০ দিন আগে সিবিআই-এর তদন্তকারী দল সরকারি নির্দেশনামা নিয়ে তাঁর কাছে এসেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, অনশন চলাকালীন নেপালের জেন জি-র বিক্ষোভের উদাহরণ টেনে প্ররোচনামূলক বক্তব্য রাখেন ওয়াংচুক৷ বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি দফতর ও নির্বাচন দফতরে হামলা চালায়। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত চার জন, আহত হয়েছেন বহু। বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলে তাণ্ডব। সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকায় ৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক। সেই সঙ্গে দাবি করেছেন, আন্দোলন দমাতে তাঁকে 'বলির পাঁঠা' করা হচ্ছে। ২০১৮ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পান ওয়াংচুক। লাইসেন্স বাতিল হওয়া প্রসঙ্গে সোনম জানিয়েছিলেন, তাঁর এনজিও বিদেশি অনুদান গ্রহণ করে না, তবে রাষ্ট্রসংঘ, সুইস এবং ইতালীয় সংস্থাগুলির সঙ্গে ব্যবসায়িক লেনদেন করে এবং সমস্ত কর প্রদান করে।









Comments