খুলে গেল হরমুজ প্রণালী
- The Conveyor
- Apr 17
- 1 min read

১৭ এপ্রিল, ২০২৬: হরমুজ প্রণালী খুলে দিল ইরান। লেবাননে আর যে ক’টি দিন যুদ্ধবিরতি চলবে, সেই দিনগুলিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব জাহাজ। এক্স অ্যাকাউন্টে এই ঘোষণা করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে বিশ্বজুড়ে তেল সঙ্কট অনেকটাই মিটবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে সামুদ্রিক চলাচলের উপরে আরোপিত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
ট্রাম্পও ইতিমধ্যে হরমুজ ‘পুরোপুরি খুলে যাওয়া’ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তিনি ধন্যবাদও জানিয়েছেন ইরানকে। ইরানের এই ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ১০ শতাংশ। এমনটাই বলছে সংবাদ সংস্থা এপি। বৃহস্পতিবারই ট্রাম্প লেবানন এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন। তিনি এ-ও জানিয়েছিলেন, দুই দেশের নেতাদের প্রথম বার মুখোমুখি বৈঠকে বসানোর চেষ্টাও করছেন। সমাজমাধ্যমে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওউন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তাঁর কথা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই ১০ দিনের সংঘর্ষবিরতিতে রাজি হয়েছেন। স্থিতাবস্থা বজায় রাখতে এবং কূটনৈতিক পথে আলোচনা চালাতে আওউন এবং নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। বস্তুত তেহরান প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল, আমেরিকার সঙ্গে সমঝোতা নিয়ে আলোচনার অন্যতম শর্ত হল লেবাননে যুদ্ধবিরতি।
আরাঘচি এক্স হ্যান্ডলে পোস্টে লিখেছেন, ‘লেবাননে সংঘর্ষবিরতির সঙ্গে সঙ্গতি রেখে হরমুজ় প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ ভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো। এই জলপথ ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন আগে যে নির্দিষ্ট রুট ঘোষণা করেছিল, সেই পথেই চলাচল হবে।' ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টে হিজবুল্লাকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, 'এই গুরুত্বপূর্ণ সময়ে হিজবুল্লা যেন ভাল আচরণ করে, সেই আশা রাখি।'









Comments