top of page

কেন্দ্র থেকে রাজ্য বেশ কিছু বরাদ্দ পেতে চলেছে, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২২ মে, ২০২৬: কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে রাজ‍্য অবিলম্বেই পেতে চলেছে ৩৯ হাজার কোটি টাকা। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে একটি ঘরোয়া আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আগামী দিনে আরও একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আসার ইঙ্গিতও দেন এদিন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, নমামী গঙ্গে প্রকল্পের আরও বিস্তার হতে চলেছে রাজ্যে। ⁠আগামিকাল বেলা ১২টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়াল বৈঠক করবেন রাজ‍্যের সঙ্গে। সেখানেই আয়ুষ্মান মন্দির প্রকল্প -এর বরাদ্দও দেবেন তিনি। পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে অথারিটি অফ ইন্ডিয়ার সঙ্গে বৈঠক করতে দিল্লিতে এসেছেন পিডব্লিউডি সচিব। সেখানেও রাজ্যের কিছু প্রাপ্তি হতে পারে।

মুখ্যমন্ত্রীর হওয়ার পর এটাই শুভেন্দু অধিকারীর প্রথম দিল্লি সফর। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন তিনি। শুক্রবার দিনভর দিল্লিতে একাধিক কর্মসূচি ছিল তাঁর। বিকেলের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি তুলে দেন তিনি। তাতে ‘বন্দে মাতরম’ লেখা রয়েছে। রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের রূপরেখা কেমন হবে—তা নিয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে। সূত্রের খবর, রাজ্যের জন্য বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয় তাঁর সামনে। সূত্রের খবর, বিজেপির রীতি অনুযায়ী, দলের কেউ মুখ্যমন্ত্রী হলে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। নিজের রাজ্যের দাবিদাওয়া তাঁর কাছে তুলে ধরেন। মনে করা হচ্ছে, সেই রীতি মেনেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।

এ দিন দিল্লিতে ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, বিএসএফ-কে জমি হস্তান্তরের বিষয়টি নিয়ে রাজনাথের সঙ্গে আলোচনা করে থাকতে পারেন শুভেন্দু। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে। রাজ্যের সীমান্তরক্ষা এবং অনুপ্রবেশ সমস্যা মেটাতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ‘চিকেনস নেক’ নিয়ে কেন্দ্র-রাজ্য যৌথ সহযোগিতায় ‘পরিবর্তন’ শুরু হয়ে গিয়েছে বলে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page