কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি দিল রাজ্য, অনুপ্রবেশ রুখতে চালু হল সিএএ
- The Conveyor
- 4 hours ago
- 2 min read

কলকাতা, ২০ মে, ২০২৬: অনুপ্রবেশ রুখতে, কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি দিল রাজ্য। প্রথম দফায় কাঁটাতার দিতে বিএসএফ কে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করল রাজ্য। ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পশ্চিমবঙ্গে নতুন আইন কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অন্তর্ভুক্ত নন, তাঁদের গ্রেফতার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে।
সিএএ আইন অনুযায়ী, সাতটি সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের আওতাভুক্ত। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এ রাজ্যে এসেছেন, তাঁদের পুলিশ কোনও হেনস্থা করতে পারবে না বা আটক করতে পারবে না। কিন্তু যাঁরা সিএএ-র অন্তর্ভুক্ত নন, তাঁরা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী। তাঁদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করবে এবং বিএসএফ-এর হাতে তুলে দেবে। বিজিবি-র (বাংলাদেশের সীমান্তরক্ষী) সঙ্গে কথা বলে তাঁদের দেশ থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। শুভেন্দু বলেন,"সীমান্ত সংলগ্ন সমস্ত থানায় দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে আইন কার্যকর করলাম।’’ রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ” অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে এ রাজ্যকে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। আমরা কার্যকর করলাম।”
গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি গেজ়েট বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। ভারত সরকার তাঁদের তাড়িয়ে দেবে না। ২০২৫ সালের ৪ এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের ৩৩ ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করা হয়। সংসদের বাজেট অধিবেশনে এই আইন পাশ হয়েছিল। কোন কোন বিদেশি ভারতে ঢুকবেন, কীভাবে ঢুকবেন, কী নথি থাকলে তবেই ঢুকতে পারবেন, সে সব বিষয়ে ভারত সরকারের হাতে কী কী ক্ষমতা থাকবে, এই আইনে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে বলা রয়েছে। এই আইনেই বলা আছে, বৈধ পাসপোর্ট-ভিসা ছাড়া কেউই ভারতে প্রবেশ করতে পারবেন না।
শুভেন্দু বুধবার সকালে উত্তরবঙ্গে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন। বিএসএফ-এর আধিকারিকেরাও তাঁর সঙ্গে ছিলেন। এদিন প্রথম দফায় কাঁটাতার দিতে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে। মোট ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে বাংলায় রয়েছে ২২০০ কিমি। সীমান্তে ৬০০ কিমি এলাকায় এখনও কাঁটাতার নেই। ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের আগে শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হলেন শুভেন্দু। নতুন সরকার উত্তরবঙ্গের উন্নয়নে যে বাড়তি গুরুত্ব দেবে সে ব্যাপারে দলীয় বৈঠকে স্পষ্ট করেন তিনি। পার্টির যে কোনও কর্মী, তাঁদের কোনও অভিযোগ বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট জেলা সভাপতির কাছে জানাবেন। সেই বার্তা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে— আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে।’ তিনি আরও বলেন, উত্তরকন্যায় প্রতি সপ্তাহে একদিন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজে অফিসে উপস্থিত থাকবেন। উত্তরবঙ্গের জন্য বিজেপি সংকল্প পত্রে যা যা বলেছে, সে গুলিকে পূরণ করার মধ্যে দিয়ে, উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। শুভেন্দু বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে নিয়ে যা স্বপ্ন দেখেছেন, বিজেপি তা পূরণ করবে।’









Comments