top of page

উত্তরবঙ্গ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত রাজ্য সরকারের, শীঘ্রই রাজ্যে শুরু হচ্ছে জনগণনা

কলকাতা, ২৯ মে, ২০২৬: শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরি প্রমুখেরা। জনগণের প্রতিনিধি হিসাবে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও বৈঠকে যোগ দেন। এদিন পাহাড়ের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্ষা এলেই প্রতি বছর ব্যাপক দুর্যোগের মুখে পড়ে পাহাড়-তরাই-ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব পাহাড়ে যাবেন। তিনি কো-অর্ডিনেশন মিটিং করবেন। আমরা আগে থেকে প্রস্তুতি নিতে চাই। তাই বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব যাচ্ছেন’। তৈরি রাখা হচ্ছে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম। গত বারের বিপর্যয়ে ১০০টি বাড়ি ভেসে গিয়েছিল বলে শুভেন্দু জানিয়েছেন। এখনও সেই বাড়ির বাসিন্দারা আশ্রয়হীন। মুখ্যমন্ত্রীর কথায়, 'সাংসদ রাজু বিস্তা ১০টি বাড়ি ব্যক্তিগত উদ্যোগে গড়ে দিয়েছেন। বাকি ৯০টি বাড়ির জন্য রাজ্য সরকার তিন লক্ষ টাকা করে বরাদ্দ করল। জেলাশাসক দ্রুত এই বাড়ি নির্মাণ করবেন।'

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মুখ্যসচিবের মাধ্যমে একটা ইনকোয়ারি কমিটি তৈরি করতে বলেছি। অমৃত প্রকল্পে জল দেওয়ার জন্য। যে এজেন্সি কাজ করেছে তাদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। ৭ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবে। কালিম্পঙে মেডিক্যাল কলেজ হবে। ২ তারিখে টি বোর্ড-এর ডেপুটি চেয়ারম্যান, ৭ তারিখে মিউনিসিপাল অ্যাফেয়ার্স সচিব যাবেন।’

পাহাড়ের চা বাগান নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছিল। কিন্তু আগের সরকার সেটা নিয়ে কোনও কাজ করেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। নিয়ম মেনে পদক্ষেপ করে কেন্দ্র থেকে বরাদ্দ এবে বন্ধ চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। চলতি অর্থবছরের জন্য কেন্দ্র ৩০০ কোটি টাকা দিতে পারবে বলে জানিয়েছে। চা শ্রমিকদের কল্যাণে সেই অর্থ কাজে লাগানো হবে।

কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি। এই মেডিক্যাল কলেজের জন্য সাংসদ-বিধায়কদের পরামর্শ নিয়ে জেলাশাসক জায়গা দেখবেন। তার পরে সেটা ডিপিআর করে পাঠানো হবে। ভারত সরকারের কর্মসূচিতে কস্ট-রেশিও সিস্টেমে মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। পাশাপাশি সামগ্রিক ভাবে পাহাড়ের স্বাস্থ্য এবং বাকি পরিকাঠামো উন্নতির দিকেও নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, তিনি পাহা়ড়ের তিন বিধায়ককে পরামর্শ দিয়েছেন, যাতে তাঁরা শিক্ষা প্রতিষ্ঠান, ট্যুরিস্ট সেন্টার ও হাসপাতালে পরিদর্শন করেন। বিশেষ করে স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার-নার্সের সংখ্যা দেখেন। সেখানে আধুনিক যন্ত্রপাতি কী কী লাগবে তা খোঁজ নিতে বলা হয়েছে। যে জিনিসগুলি দ্রুত দিয়ে দেওয়া যাবে, সেগুলি তালিকা তৈরি করে জেলাশাসকের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরকে পাঠাতে বলেছেন।

জিটিএ-তে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করবে সিবিআই-ই। এ বিষয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছিল, তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। জিটিএ শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে এর আগে বিস্তর জলঘোলা হয়েছে। প্রায় ৪০০ জন শিক্ষককে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। পাহাড়ে দার্জিলিং বাদে বাকি তিন পুরসভায় নির্বাচিত প্রতিনিধি না-থাকায় মহকুমাশাসকদের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটনের মতো ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে হবে সর্বত্র।



রাজ্যে দ্রুত শুরু হচ্ছে জনগণনার কাজ। আজ নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসকের। তাঁদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page