ইউপিআইয়ের নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানো নিয়ে তোলপাড়

দিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: ২০০০ টাকার উপরের বিল ইউপিআই -এর মাধ্যমে কোনও মার্চেট অ্যাকাউন্টে পেমেন্ট করতে গেলে দিতে হবে নির্দিষ্ট এমডিআর অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেট। এই বিজ্ঞপ্তি সামনে আসতেই শুরু হয়ে গেছে চর্চা। জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পাশাপাশি বিরোধী নেতা রাহুল গান্ধীও এর তীব্র নিন্দা করেছেন। সমস্যা হচ্ছে পেট্রল পাম্পে।
১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ের নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানোর কথা বলেছে কেন্দ্র। দু’হাজার টাকার বেশি মার্চেন্ট লেনদেনের উপর ০.৪ শতাংশ হারে এমডিআর প্রযোজ্য হবে। তবে রেলের টিকিট, পেট্রল পাম্পে, ইন্স্যুরেন্স, জিনিসপত্র কেনাকাটিতে সরাসরি ৫ টাকা করে ফি কাটা যাবে। এই ঘোষণার পরেই তোলপাড় শুরু হয় গোটা দেশে।
কেন্দ্রের এই নয়া নিয়মকে চ্যালেঞ্জ করে আইনজীবী অঞ্জন দত্ত সুপ্রিম কোর্টে দায়ের করলেন জনস্বার্থ মামলা। আবেদনকারীর পক্ষ থেকে মূলত নতুন এমডিআর -এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীর দাবি, ২০০০-এর ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কোনও MDR নেই, কিন্তু ২০০১ টাকা হলেই এমডিআর বসছে। এর ফলে মাত্র ১ টাকা বেশি লেনদেনের জন্য আচমকা অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হচ্ছে। দুই ব্যবসায়ীর ক্ষেত্রে এর ফলে বৈষম্য তৈরি হচ্ছে বলে মামলাকারী দাবি করেছেন। নির্দিষ্ট সীমার বেশি লেনদেনের ক্ষেত্রে এমডিআর একটি নির্দিষ্ট সীমায় আটকে যাচ্ছে। মামলাকারীর দাবি, এমডিআর- এর এই কাঠামো সংবিধানের আর্টিকল ১৪, আর্টিকল ১৯(১)(জি)-কে লঙ্ঘন করছে। এছাড়াও ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের সীমা এবং মাসে ১ লক্ষ পর্যন্ত টাকা গ্রহণের সীমা নির্ধারণের সিদ্ধান্তের পিছনে প্রকাশ্যে আসা তথ্যের সমর্থন নেই। শুধুমাত্র প্রেস বিজ্ঞপ্তি জারি করে এত বড় সিদ্ধান্তের কথা জানানো যায় না বলেও দাবি করেছেন মামলাকারী।
বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন, ইউপিআই-এ দু’হাজার টাকার বেশি ব্যবসায়িক লেনদেনে মাশুল বসিয়ে আসলে আমেরিকার চাপের কাছে নতিস্বীকার করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সিদ্ধান্তকে বুধবার কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। রাহুলের মতে ইউপিআই-এর উপর কর চাপিয়ে প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতবাসীর উপর কর বসিয়েছেন আর আমেরিকার হাতে বিপুল অর্থ তুলে দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে ‘মেরুদণ্ড' সোজা করে’ দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন রাহুল। অবিলম্বে ইউপিআই-এর মাশুল প্রত্যাহার করার আর্জি জানিয়েছেন।
অপরদিকে ২,০০০ টাকা বা তার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ফ্ল্যাট ৫ টাকা 'মার্চেন্ট ডিসকাউন্ট রেট' ধার্য করার প্রতিবাদে এবার দেশজুড়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে পেট্রল পাম্পের মালিক ও ডিলারদের মধ্যে। এই বাড়তি চার্জ অবিলম্বে প্রত্যাহার না করা হলে পেট্রল পাম্পে ২,০০০ টাকার বেশি ডিজিটাল লেনদেন সম্পূর্ণ বন্ধ করে শুধুই নগদ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিলাররা। দিল্লি-এনসিআর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মুম্বই, কর্ণাটক এবং রাজস্থানের একাধিক পেট্রল পাম্প মালিক জানিয়েছেন, লিটার প্রতি পেট্রল-ডিজেলে তাঁদের কমিশন মাত্র ২.৪০ থেকে ৩.৪০ টাকা, যা সরকারি তেল বিপণন সংস্থাগুলি (OMC) নির্ধারণ করে দেয়। এই সামান্য লাভের ওপর নতুন করে এমডিআর চাপানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে ইউপিআই সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্তে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। সংবাদসংস্থা পিটিআই সরকারের শীর্ষ স্তরের আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে, এক বার যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তা থেকে আর সরে আসার কথা ভাবা হচ্ছে না। এই সিদ্ধান্ত যথেষ্ট ভাবনাচিন্তা করে পাঁচ বছর আগেই নেওয়া হয়ে গিয়েছিল বলে সূত্রের দাবি। ফলে আপাতত কোনও চাপের মুখেই কেন্দ্র পিছু হটবে না।
বিশেষজ্ঞদের মতে, ডিলারদের এই অসন্তোষ দেশের ক্যাশলেস অর্থনীতির পথচলাকে ব্যাহত করতে পারে। শুধু তাই নয়, পেট্রল পাম্পের ডিলাররা সরাসরি জানিয়েছে এইভাবে। কিন্তু বাস্তবে দেখা যাবে অনেকেই এখন থেকে ইউপিআই লেনদেন করতে চাইবে না। ফলে ভারত যে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা সম্ভবত অচিরেই নষ্ট হয়ে যাবে।









Comments