আজ থেকে দেশে কার্যকর হল জিএসটি নতুন জেনারেশন ২.০
- The Conveyor
- Sep 22, 2025
- 1 min read

২২ সেপ্টেম্বর, ২০২৫: আজ, সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে দেশে কার্যকর হল জিএসটি নতুন জেনারেশন ২.০৷ এই সংস্কারে জিএসটির আগের চারটি স্ল্যাবের বদলে বর্তমানে মাত্র দুটো স্ল্যাবেই জিএসটি কার্যকর হয়েছে৷ কমে যাচ্ছে বহু পণ্যের দাম। যদিও দাম বাড়বেও বেশ কিছু জিনিসের।
কেন্দ্রের তরফে এই পর্বকে ‘জিএসটি বচত উৎসব’ নামে অভিহিত করা হয়েছে। এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি খোলা চিঠি পেশ করেছেন জিএসটি ইস্যুতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জনসাধারণকে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কিনতে এবং বিক্রি করার আহ্বান জানিয়েছেন। তিনি এই নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেখানে প্রধানমন্ত্রী মোদী লেখেন,' এই উৎসবের মরশুমে, আসুন আমরা ভারতে তৈরি পণ্যগুলিকে সমর্থন করার সংকল্প করি।'

এছাড়াও তিনি লেখেন,' এর অর্থ হল স্বদেশী পণ্য কেনা যা তৈরিতে একজন ভারতীয়ের ঘাম এবং শ্রম জড়িত, ব্র্যান্ড বা কোম্পানি নির্বিশেষে।' তাঁর বার্তা,'আমি আমাদের দোকানদার এবং ব্যবসায়ীদের কাছে আবেদন করছি যে তাঁরা ভারতে তৈরি পণ্য বিক্রি করুন। আসুন আমরা গর্বের সাথে বলি - আমরা যা কিনি তা স্বদেশী। আসুন আমরা গর্বের সাথে বলি - আমরা যা বিক্রি করি তা স্বদেশী।' তিনি বলেন যে, এই সংস্কারগুলি সমাজের প্রতিটি অংশকে উপকৃত করবে, সে কৃষক, মহিলা, যুবক, দরিদ্র, মধ্যবিত্ত, ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী, অর্থাৎ, এমএসএমই হোক না কেন।
নতুন এই জিএসটি- র রেটে রয়েছে দুটি স্ল্যাব। ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। আগের জিএসটি রেটের ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব এখন বাতিল করা হয়েছে।
এদিকে, জিএসটি ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন.'কেন্দ্র মনিটারিং করবে কী করে? ওদের কোনও কৃতিত্বই নেই এতে। জিএসটি কমানোর সব ক্রেডিট বাংলার। আমরা একটা চার্ট তৈরি করে দেব জিএসটির জন্য, যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়।'









Comments