top of page

আগামীকাল রাত ৮টা থেকেই শুরু হয়ে যাবে চিংড়িঘাটা মেট্রোর কাজ, বছর শেষে পরিষেবা চালুর সম্ভাবনা

কলকাতা, ১৪ মে, ২০২৬: শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় চিংড়িঘাটায় অবশেষে শুরু হতে চলেছে থমকে থাকা মেট্রোর কাজ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ৮টা থেকেই শুরু হয়ে যাবে চিংড়িঘাটা মেট্রোর কাজ। শুধু তাই নয়, অরেঞ্জ এবং গ্রিন লাইনে সম্পূর্ণ ভাবে পরিষেবা চালুর সম্ভাব্য তারিখও জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে।

দীর্ঘ টানাপোড়েনের অবসান। শহরের গুরুত্বপূর্ণ এই অংশের লাইন যুক্ত না হওয়ায় নিউ গড়িয়া– এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। কেন্দ্র ও পূর্বতন রাজ্য সরকারের টানাপড়েন, পুলিশের 'না', এমনকী আদালতের মামলার জট- সব মিলিয়ে প্রকল্পটি বারবার থমকে গিয়েছিল। অবশেষে সরকার বদলের পর শুরু হচ্ছে থমকে যাওয়া সেই মেট্রোর কাজ। ৩৬৬ মিটারের এই বকেয়া অংশটির নির্মাণ শেষ হলেই গড়িয়া থেকে বিমানবন্দর (সেক্টর ফাইভ হয়ে) যাতায়াত হবে আরও দ্রুত। তবে ব্যস্ত ইএম বাইপাসের যানজটের কথা মাথায় রেখে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহের শুক্রবার, শনিবার এবং রবিবার রাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। এছাড়া, রাতের দিকে চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে। তবে দিনের বেলায় যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন।

বৃহস্পতিবার আরও নির্দিষ্ট ভাবে সময়সীমা জানিয়ে দিল মেট্রো। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) এস এস কন্নন জানান, রাজ্য সরকারের অনুমোদন মিলেছে। সহায়তার আশ্বাস পাওয়া গিয়েছে পুলিশের কাছ থেকে। তাই চিংড়িঘাটা মেট্রোর বাকি কাজ শুরু হচ্ছে ১৫ মে (শুক্রবার) রাত ৮টা থেকে। ১৮ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত মেট্রোর কাজ হবে। এই ৬০ ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণ হবে ইএম বাইপাসে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে আগামী ২২ মে রাত ৮টা থেকে। কাজ শেষ হবে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত।

রাজ্যে পালাবদলের পর চিংড়িঘাটা মেট্রোর অবশিষ্ট কাজ শুরু হতে চলেছে। সিপিআরও বলেন, ‘‘আমরা আশাবাদী যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার মেট্রোর কাজ নির্দিষ্ট সময়ে শেষ হবে। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’’ এই রুটটি খুলে গেলে কলকাতা ও শহরতলির পরিবহণ মানচিত্রে আমূল বদল আসবে। চিংড়িঘাটা, সল্টলেক এবং নিউ টাউন হয়ে মেট্রো সরাসরি পৌঁছে যাবে কলকাতা বিমানবন্দরে। কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে সরাসরি চিংড়িঘাটা হয়ে দ্রুত সেক্টর ফাইভ পৌঁছনো যাবে। কবি সুভাষ স্টেশনে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং সেক্টর ফাইভের কাছে গ্রিন লাইনের সঙ্গে এই রুটটির সংযোগ তৈরি হবে। চিংড়িঘাটার কাজ শেষ হলে বেলেঘাটা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য যাতায়াত অত্যন্ত সহজ হয়ে যাবে। ফলে দীর্ঘদিনের জট কাটিয়ে চিংড়িঘাটার কাজ শুরু হলে শহরের পরিবহনে এক নতুন অধ্যায় শুরু হবে, এই আশা শহরের প্রত্যেক সাধারণ মানুষের।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page