'আইনের শাসন চালু হয়েছে, রাজ্যে আর শাসকের আইন চলবে না'- ডায়মন্ড হারবারে জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৬ মে, ২০২৬: 'এ বার আইনের শাসন চালু হয়েছে, রাজ্যে আর শাসকের আইন চলবে না'- শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পরে এই কথা জানিয়ে পুলিশ ও প্রশাসনকে আইন মেনে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, পুলিশকে ভারতীয় ন্যায় সংহিতা মেনে কাজ করতে হবে। তিনি স্পষ্ট বলে দেন, কোনও রাজনৈতিক সন্ত্রাস, তোলাবাজি বাংলায় চলবে না। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রেও কোনও আপস করা হবে না।
শনিবার ডায়মন্ড হারবারে গিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক করছিলেন তিনি। সাংবাদিক বৈঠকে ফলতার নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি এদিন জানান, সরকারি অনুষ্ঠানে এবং সরকারি অফিসারদের উপস্থিতিতে তিনি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবেন না। মুখ্যমন্ত্রী বলেন, ‘ফলতায় সভা আছে সেখান থেকে শুনবেন৷ আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাঁদিকে ডিজিপি, ডানদিকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বসে রয়েছেন। আগের সিস্টেম চলবে না৷ মিটিংয়ের মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিংয়ের মধ্যে অফিসারদের তুমি তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে রাজনৈতিক মন্তব্য করা, এসব আর হবে না।’
ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এত দিন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের বদলে কেউ যদি কাটমানি নিয়ে থাকেন, পুলিশ যেন তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। তিনি বলেন, কেউ যদি কেন্দ্র ও রাজ্যের কোনও প্রকল্পের সুবিধা পেতে কাউকে কাটমানি দিয়ে থাকেন, সে ক্ষেত্রে ইলেকট্রনিক ডকুমেন্ট নিয়ে থানায় অভিযোগ জানাতে পারেন। এ ক্ষেত্রে অনলাইন টাকা দেওয়ার প্রমাণ বা অ্যাকাউন্ট ট্রান্সফারের নথির প্রমাণ জমা দিতে হবে। নথি পেলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে, এ দিন তা-ও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শুভেন্দু আশ্বস্ত করেন, যাঁদের হাতে কোনও ডকুমেন্ট নেই, তাঁরাও অভিযোগ করতে পারবেন। তদন্ত করে দেখা হবে। তা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কোনও মিথ্যা অভিযোগ যেন কেউ না করেন। কারণ, মিথ্যা অভিযোগ করলে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সে কথাও ভারতীয় ন্যায় সংহিতায় বলা আছে। মুখ্যমন্ত্রী আরও জানান, গত পাঁচ বছরে রাজনীতির যে হিংসা হয়েছে, যারা তার শিকার, তথ্যপ্রমাণ দিয়ে অভিযোগ জানান। যাদের কাছে তথ্যপ্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কি না। নতুন করে থানাগুলোতে FIR করতে পারেন। রাজনৈতিক হিংসার শিকার, এমনকী পুলিশের দ্বারা অন্যায় ভাবে অত্যাচারিতরাও থানায় অভিযোগ জানান। অভিযোগ নেওয়া হবে এবং তদন্ত করে দেখা হবে। মহিলারা অত্যাচারিত হলে, তাঁরাও নতুন করে অভিযোগ করতে পারেন। এছাড়াও মুখ্যমন্ত্রী আজ বলেন, আইনশৃঙ্খলায় কোনও আপস করা হবে না। কোনও ভাবে সরকারি সম্পত্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনও পুলিশ কর্মীর গায়ে যেন হাত না তোলা হয় সে বার্তাও আজ দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাঁর ঘোষণা, সোমবার এ নিয়ে সরকারি ভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। পাশাপাশি, তোলাবাজির অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, টোটো, অটো, হকারদের কাছ থেকে টাকা তোলা চলবে না। কেউ টাকা চাইলে সোজা থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশমন্ত্রী। রসিদ ছাড়া কাউকে কোনও অর্থ দিতে বারণ করেন তিনি।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শনিবার শুভেন্দুর প্রথম জেলাসফর ছিল, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। আগামী ২১ মে ফলতার পুনর্নির্বাচন উপলক্ষে সভা করেন শুভেন্দু। তার আগে ডায়মন্ড হারবারে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক সারেন। ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি জানান, অনেকেই সেখানে বহুদিন ভোট দিতে পারেননি। তার হিসেব হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন,"গুন্ডামি করতে দেব না। নিশ্চিন্ত থাকুন। সাদা থান বাড়িতে ফেলতে দেখব না। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে।" শুভেন্দু অধিকারীর সভার আগে ফলতা বিধানসভায় বিজেপির বুথকর্মী সম্মেলন হয়েছে। বিজেপির রাজ্য নেতৃত্ব ছাড়াও বৈঠকে ছিলেন সুনীল বনসল, অমিত মালবীয়দের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও।









Comments