অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই ট্রাইবুনালে কিভাবে আবেদন করতে হবে, বিজ্ঞপ্তি জারি করে জানাল কমিশন
- The Conveyor
- 2 days ago
- 2 min read

কলকাতা, ৩ এপ্রিল, ২০২৬: ভোটার তালিকা সংক্রান্ত আপিল প্রক্রিয়ায় গতি আনতে অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে গেল। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী ভাবে ট্রাইবুনালে আবেদন করতে হবে, বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বলে জানিয়েছিল আদালত। সেই মতোই শুক্রবার কমিশন বিবৃতি দিয়ে প্রক্রিয়া জানিয়ে দিল।
এখন আবেদনকারীরা ঘরে বসেই voter.eci.gov.in পোর্টালের মাধ্যমে অনলাইনে আপিল জানাতে পারবেন। পাশাপাশি, যারা সরাসরি আবেদন করতে চান, তাঁদের জন্য সংশ্লিষ্ট ডিএম বা এসডিও-র দফতরেও অফলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ওয়েবসাইটে গিয়ে ‘সাবমিট অ্যাপিল্স ফর ইন্ডিভিজুয়াল্স’ নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা। তবে যাঁরা বিবেচনাধীন তালিকায় ছিলেন তাঁরাই কেবল এখানে আবেদন করতে পারবেন। বাইরে থেকে কেউ নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন না। অফলাইনে ট্রাইবুনালে নাম তোলা বা বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে হবে জেলাশাসক কিংবা মহকুমাশাসকের দফতরে। সংশ্লিষ্ট আধিকারিক ভোটারের ওই আবেদন অনলাইনে তুলে দেবেন। তবে আসল আবেদনপত্রও সংরক্ষণ করতে হবে আধিকারিকদের। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আপিলের ক্ষেত্রে আবেদনকারীর এপিক (EPIC) বা ভোটার কার্ডের নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। এর ফলে আবেদন যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে বলে মনে করা হচ্ছে। অফলাইনে আবেদনের জন্য পরিষ্কার সাদা কাগজে নিজের বক্তব্য লিখবেন ভোটারেরা। সঙ্গে লিখতে হবে ভোটার কার্ডের নম্বর। প্রশাসনের একাংশের মতে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই আপিলগুলি নিষ্পত্তি করার উপর জোর দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়াকে কার্যকর করতে নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন জেলার জন্য পৃথক আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনাল নির্দিষ্ট এলাকা ভিত্তিক আপিল শুনানি ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবে। অনলাইন এবং অফলাইনে জমা পড়া এই সমস্ত আবেদনের নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট জেলাশাসক। ১৯৫০ সালের আরপি আইনের ধারা এবং কমিশনের গাইডলাইন মাথায় রেখে ট্রাইবুনালের আবেদনের নিষ্পত্তি করতে হবে।
এদিকে বুধবার ভবানীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে অশান্তি হয়েছে, তার প্রেক্ষিতে কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে শো কজ করল লালবাজার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বুধবার সার্ভে বিল্ডিংয়ে এসে মনোনয়ন জমা দেন ভবানীপুরের প্রার্থী শুভেন্দু। সে সময়ে ওই চত্বরে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে তুলকালাম বেঁধে যায়। সেই অশান্তির ঘটনাতেই কড়া পদক্ষেপ। তাঁরা এক জন সার্ভে বিল্ডিংয়ে সামনে ও অন্য জন হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হাজরা রোডের সংযোগস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।









Comments