সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল
- The Conveyor
- 3 days ago
- 1 min read

Pic- AI
১১ ফেব্রুয়ারি, ২০২৬: জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল। ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময়ে সকলকে উঠে দাঁড়াতে হবে। বুধবার সকালে নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় সঙ্গীতের মতো এ ক্ষেত্রেও সময় স্থির করে দেওয়া হয়েছে। ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক ১৯০ সেকেন্ড (৩ মিনিট ১০ সেকেন্ড)-এ পরিবেশন করতে হবে।
নতুন গাইডলাইনে বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-র আগে গাইতে বা বাজাতে হবে ‘বন্দে মাতরম’৷ যখন জাতীয় গান চালানো বা গাওয়া হবে, তখন উপস্থিত সকলের উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক করা হয়েছে। ‘বন্দে মাতরম’ গানের সার্ধশতবর্ষ হিসাবে এক বর্ষ ব্যাপী উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে কেন্দ্র। এর মাঝেই এল নতুন গাইডলাইন।

Pic- AI
নির্দেশিকায় বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে। জাতীয় পতাকা উন্মোচনের সময়ে, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন এবং প্রস্থানের সময়ে, জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণের আগে এবং পরে, সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল এবং উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর)-দের আগমন এবং প্রস্থানের সময়ে, কোনও নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়ার সময়ে এবং কুচকাওয়াজে জাতীয় পতাকা আনার সময়ে জাতীয় গান পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
কেন্দ্র জানিয়েছে, এই ধরনের ক্ষেত্রে জাতীয় সঙ্গীত পরিবেশনের আগে ওই অনুষ্ঠানগুলিতে জাতীয় গান পরিবেশন করা হবে। ওই সময়ে সকলকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে। জাতীয় গান পরিবেশনের সময়ে সকলকে কণ্ঠ মেলানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। ‘বন্দে মাতরম’ গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে। তবে সিনেমা হলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়নি।













Comments