top of page

শনিবারও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হবে না, জানিয়ে দিল রেল

5 days ago
2 min read

কলকাতা, ৪ সেপ্টেম্বর, ২০২৬: অতিবৃষ্টিতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে ধস নেমেছে। শুক্রবার উত্তরবঙ্গগামী সব ট্রেনই বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে শনিবারও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না বলেই জানিয়ে দিল পূর্ব রেল। রেললাইন মেরামতির কাজ করতে গিয়ে বার বার বাধা-বিপত্তির মুখে পড়তে হচ্ছে রেলের কর্মীদের। ধস নেমেছে কাজ চলাকালীনও। ডাউন লাইনে বন্ধই থাকবে ট্রেন চলাচল। তবে আগামীকাল আপ লাইনে ট্রেন চলবে। শুক্রবার মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু পূর্ব রেলের কর্তাদের সুরেই দাবি করেছেন, শুক্রবার রাত ১২টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রেলকর্মীদের সূত্রে খবর, নিউ ফরাক্কা স্টেশনের কেবিন থেকে ধুলিয়ানের দিকে প্রায় ৮০০ মিটার রেলপথ এই ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অংশে যে মাটির উপরে রেললাইন পাতা হয়েছে, তা একেবারে নীচ থেকেই ক্ষয়ে গিয়েছিল। মূলত ইঁদুরের গর্তের কারণেই তা হয়েছে। প্রবল বৃষ্টিতে জল ঢুকে সেই অংশই বসে গিয়েছে। তাই প্রথমে স্টোনডাস্ট ফেলে সেই জমি মেরামত করার চেষ্টা করা হয়। তার পরে জেনারেটর ভ্যান চালিয়ে ট্রায়াল দেওয়ার চেষ্টাও করেন রেলকর্মীরা। সেই সময়ে আবার ধসে যায় লাইন।

এদিকে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় যাত্রীদের চরম ভোগান্তির সুযোগ নিয়ে বেসরকারি বাসে কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। রেল বিপর্যয়ের ঝক্কি সামলাতে দরকার ছিল পর্যাপ্ত সংখ্যক বাসের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য পরিবহণ দফতরের তরফে স্পেশ্যাল বাস চালানো হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম বলেই পর্যটকদের একটা বড় অংশের অভিযোগ। এই সুযোগে বেসরকারি বাসের টিকিট কাউন্টারগুলিতে ‘ডায়নমিক ভাড়া’র নামে ১,৭০০ টাকার টিকিট ৬ হাজার টাকায় বিকোচ্ছে বলে অভিযোগ। যাত্রীদের একাংশের দাবি, দুপুর ২টোতেও যে টিকিটের দাম ছিল ৩০০০ টাকা, এক ঘণ্টার তফাতে তা পৌঁছে যায় ৫,৯০০ টাকায়! অভিযোগ, লাইন যত বেড়েছে, তত বেড়েছে টিকিটের দাম।

পরিবহণ দফতরের তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা-শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন রুটে অতিরিক্ত বাস নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের নির্দেশে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে অতিরিক্ত ২৩টি বাস চালানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় পৌঁছনোর জন্য বাস দেওয়া হচ্ছে। স্পেশ্যাল বাস চালানোর জন্য জরুরি ভিত্তিতে চালকদের ছুটি বাতিলও করা হয়েছে। পরিবহণ দফতর জানিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রতি এক ঘণ্টা অন্তর এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির বাস ছাড়বে। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, কোনও ভাবে যাতে অযৌক্তিক ভাড়া না নেওয়া হয়, তা দেখতে বলা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। উত্তরবঙ্গের বিভিন্ন রুট থেকে ২৩টি বাস অতিরিক্ত চালানো হবে কলকাতার উদ্দেশে।

এছাড়াও শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আটকে থাকা রেলযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বিনা খরচে ২০টি বাস চালানো হচ্ছে। যাঁরা ট্রেনে আটকে রয়েছেন তাঁদের জন্য মালদহ এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে খাবার এবং জল পৌঁছে দিতে।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page