মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী, জানালেন শিলিগুড়িতে তৈরি হবে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার
- The Conveyor
- Jan 16
- 2 min read

কলকাতা, ১৬ জানুয়ারি, ২০২৬: উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় দাঁড়িয়ে বিশ্বের উচ্চতম মহাকালের মূর্তি তৈরির ঘোষণা করলেন। শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থল মাটিগাড়া-লক্ষ্মী টাউনশিপ এলাকায় ১৭.৪১ একর জমির উপর তৈরি হবে এই মন্দির। শুক্রবার শিলান্যাসের সময় মুখ্যমন্ত্রী জানালেন, এটিই হবে বিশ্বের অন্যতম বৃহত্তম মহাকাল মন্দির। দৈনিক এক লক্ষ দর্শনার্থী হাজির হতে পারবেন মন্দিরপ্রাঙ্গণে। তাঁরা মন্দিরের নাম রেখেছেন ‘মহাকাল মহাতীর্থ মন্দির।’
তিনি জানান, মহাকাল মন্দিরে কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি হবে। মোট উচ্চতা হবে ২১৬ ফুট। ব্রোঞ্জের মূল মূর্তির উচ্চতা হবে ১০৮ ফুট। সেটি যে ভিতের উপর স্থাপিত হবে, সেটিও ১০৮ ফুট উচ্চতার। মুখ্যমন্ত্রী আরও জানান, শিলিগুড়িতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরির জমিও পাওয়া গিয়েছে। জমি দেবে রাজ্য সরকার। কোনও বেসরকারি সংস্থা সেটি তৈরি করবে। মমতার কথায়, ‘‘বিজ়নেসের পবিত্র স্থান হবে এই জায়গা।" মন্দিরের ১০৮ ফুট প্যাডেস্ট্রিয়াল ব্লকে দু’টি নন্দীগৃহ থাকবে। যা পূর্ব এবং পশ্চিম দিকে অবস্থান করবে। একটি মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। মন্দিরের সীমানা বরাবর ১২টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। এবং ভারতবর্ষের ১২টি জ্যোর্তিলিঙ্গের প্রতিমূর্তি থাকবে।
মহাকাল মন্দির তৈরিতে দুই থেকে আড়াই বছর সময় লাগবে বলে জানিয়েছেন মমতা। মহাকাল মন্দিরকে ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলা হবে। দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃত হল থাকবে। শিবালয়ের রীতি মেনে হবে মন্দির নির্মাণ। চার কোণে চারটি মন্দির থাকবে। দক্ষিণ-পশ্চিমে গণেশ, উত্তর-পশ্চিমে কার্তিক, উত্তর-পূর্বে শক্তি এবং দক্ষিণ-পূর্বে বিষ্ণুর মন্দির থাকবে। এছাড়াও মন্দিরের দুই কোণে দু’টি সভামঞ্চও তৈরি করা হচ্ছে। পূর্ব ও পশ্চিমে থাকবে নন্দী ঘর। রুদ্রাক্ষ কুণ্ড এবং অমৃত কুণ্ড থাকবে। যেখান থেকে পবিত্র অভিষেকের জল ভক্তেরা সংগ্রহ করতে পারবেন। দু’দিকে দুটো সভামণ্ডপে ৬ হাজারের বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনি ও মহিমা পাথরের শিল্পকর্ম ফেস্কো পেন্টিংয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে। মহাকাল মন্দিরে থাকবে প্রসাদ বিতরণ কেন্দ্র, স্যুভেনিয়র আর্কেড, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স এবং পুরোহিতদের থাকার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আজ বলেন, "ধর্ম-তীর্থ, পর্যটন, ব্যবসা সব দিক থেকে এগিয়ে যাবে শিলিগুড়ি। প্রচুর মানুষের কর্মসংস্থান হবে।"
ট্রাস্টের সদস্য, ধর্মীয় গুরুদের নিয়ে শিলান্যাস হয় মহাকাল মন্দিরের। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। উত্তরবঙ্গে ৩৭টি বাস, ৩১টি স্লিপার, এবং ৬টি ভলভো বাস পরিষেবা চালুর কথাও এ দিন জানান তিনি।









Comments