top of page

ফারাক্কায় মেরামতির কাজ সম্পন্ন, চালু হয়ে গেল দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গ রেল পরিষেবা

Sep 5
1 min read

কলকাতা, ৫ সেপ্টেম্বর, ২০২৬: অবশেষে চালু হল দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গ রেল পরিষেবা। নিউ ফরাক্কা জংশন স্টেশনের কাছে গড়াল রেলের চাকা। ফরাক্কায় রেললাইনে ধসের কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বুধবার মধ্যরাত থেকে ট্রেন চলাচল প্রায় বন্ধ ছিল। প্রায় ৬৫ ঘণ্টা পর ওই লাইনে আবার রেল পরিষেবা স্বাভাবিক হল। শনিবার সন্ধ্যার পর থেকে ওই লাইনে কোনও ট্রেন বাতিলের কথা জানানো হয়নি রেলের তরফে। তবে কয়েকটি দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে।

শনিবার সন্ধ্যায় রেল লাইনে ধসে যাওয়া অংশে মেরামতের কাজ শেষ হয়েছে এবং প্রয়োজনীয় সবরকম সুরক্ষা পরীক্ষার পর ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। এ দিন সন্ধ্যায় রেল লাইনের উপরে ট্রায়াল রান করা হয়। সমস্ত সুরক্ষাবিধি খতিয়ে দেখে ট্রেন চলাচলের ঘোষণা করা হয়। ক্ষতিগ্রস্ত স্থানে রেল পাইলিং, পাথরের গুঁড়ো ভরাট, ব্যালাস্ট প্যাকিং এবং অন্যান্য প্রয়োজনীয় স্থায়িত্ব বৃদ্ধির কাজ সম্পন্ন করা হয়। এ দিন ট্র্যাক, পয়েন্ট এবং ওএইচই (OHE) পরীক্ষা এবং প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা পরীক্ষা করা হয়। ধস ঠেকানোর জন্য ওই পুকুরের পাশে শিটিং-এর কাজ চালাচ্ছিলেন কর্মীরা। জরুরি পরিস্থিতির জন্য মেডিক্যাল টিম তৈরি রাখা হয়েছিল। বেলার দিকেই পরীক্ষামূলক ভাবে ওই লাইনে ট্রেন চালানো শুরু করে রেল। ‘ট্রায়াল রান’ সফল হওয়ার পরই শুরু হয় ওভারহেড তার মেরামতির কাজ। বিকেলের পর সেই কাজও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। তার পরেই ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি। তিনি জানান, হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেন এ দিন সন্ধ্যার পর থেকে নির্ঘণ্ট মেনে চলবে। তবে বেশ কিছু আপ ট্রেন বাতিল থাকার কারণে ডাউনে সেই ট্রেনগুলি স্বাভাবিক ভাবে আসবে না। কিন্তু রবিবার সকাল থেকে ডাউন ট্রেন স্বাভাবিক চলাচল করবে।

রেল জানিয়েছে শনিবারও বেশ কিছু দূরপাল্লার ট্রেন ঘুরপথে চলবে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস এবং দার্জিলিং মেল ঘুরপথে গন্তব্যে পৌঁছোবে। তবে কোনও ট্রেনই বাতিল করা হয়নি।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page