ইআরও-রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কোনও ভাবেই এসআইআর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা যাবে না, পিছিয়ে যাচ্ছে ভোটার তালিকা প্রকাশের দিন
- The Conveyor
- Feb 9
- 2 min read

কলকাতা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬: সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। পাশাপাশি, রাজ্যের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক মনু সিঙ্ঘভিকেও। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে ছিল এই মামলার শুনানি।
সব তরফের কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনে আদালত৷ শুনানি চলাকালীন আদালত জানিয়ে দেয়, কোনও ভাবেই এসআইআর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা যাবে না। পাশাপাশি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য আরও ১ সপ্তাহ সময় বাড়ানোর নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর, চূড়ান্ত ভোটার তালিকা ২১ ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে না। আরও পিছিয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকার যেন এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা বাধাসৃষ্টি না করে, এমনই নির্দেশ দিল এদিন শীর্ষ আদালত। তার সঙ্গে এও জানাল, এসআইআর প্রক্রিয়ায় যা যা সমস্যা থাকবে, আদালত তা দূর করবে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এদিন শীর্ষ আদালত শুনানি শেষে নির্দেশ দেয়, ‘‘ মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওই৷ মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অ্যাসিস্ট করবেন চিহ্নিত স্ট্যাচুয়েটরি অথরিটিকে৷’’ এছাড়া, নির্দেশে বলা হয়েছে, রাজ্যের তরফে যে ৮,৮০৫ জন গ্রুপ বি অফসারকে এআইআর-এর কাজের জন্য দেওয়া হয়েছে, তাঁদের স্বল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে মাইক্রোঅবজার্ভার, এইআরও পদে পরিবর্তন করতে পারবে কমিশন। সিজেআই উল্লেখ করেন, মাইক্রো অবজার্ভাররা ইআরও এবং এইআরওদের সহায়তা করার জন্য তৈরি একটি সিস্টেমের অংশ৷ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব ইআরওদের হাতেই রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বেশি সংখ্যক আধিকারিক যদি এই প্রক্রিয়ায় যোগদান করেন, তাহলে সিদ্ধান্তের মান উন্নত হতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ, চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য আরও অতিরিক্ত ১ সপ্তাহ সময় দেওয়া হবে৷ অর্থাৎ, পূর্ব নির্ধারিত ১৪ ফেব্রুয়ারির বদলে তার ১ সপ্তাহ পরে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এদিন শীর্ষ আদালত জানাল, যে অফিসাররা সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন না, তাঁদের অপসারণ করতে পারবে নির্বাচন কমিশন।
এর পাশাপাশি রাজ্যের কিছু জায়গায় এসআইআর সংক্রান্ত আপত্তি জানানোর ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে এখনও এফআইআর দায়ের হয়নি কেন? প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে শো কজ করল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছে ডিজি-কে। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন সেই হলফনামা জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে। ২৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।













Comments