top of page

ভারতে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে আপাতত কোনও সংকট হবে না, তবে ভারত যুদ্ধ পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত



৩ মার্চ, ২০২৬: ভারতের বাজারে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে আপাতত কোনও সংকট হবে না। মঙ্গলবার এই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণে পশ্চিম এশিয়ায় তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। মঙ্গলবার সংঘর্ষের চতুর্থ দিনে ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে (ছাড় দেওয়া হয়েছে শুধু রাশিয়া এবং চিনের তেলবাহী জাহাজকে)। এমতাবস্থায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ‘‘পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পরিস্থিতির মোকাবিলায় ভারত পুরোপুরি প্রস্তুত।’’

সংবাদ সংস্থা এএনআই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের একটি সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে, দেশে এখন ২৫ দিনের পেট্রোল, ডিজেল মজুত রয়েছে। তবে হরমুজ প্রণালী দিয়ে ভারতের মোট পেট্রোপণ্য আমদানির ৪০ শতাংশ আসে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে চাপ বাড়তে পারে ভারতের উপর। এই পরিস্থিতিতে মোদী সরকার বিকল্প পথে পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য সক্রিয় হয়েছে বলেও খবরে প্রকাশ। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় জ্বালানি কোম্পানিগুলি এখন এমন জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে যা হরমুজ প্রণালীর মাধ্যমে সরবরাহিত হয় না। হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল এমন পণ্যের সরবরাহ আপাতত নিয়ন্ত্রিত থাকবে। এ ছাড়াও ইরান ভারতীয় বাসমতী চালের দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রথম স্থানে রয়েছে সৌদি আরব। হরমুজের প্রভাব চাল রফতানিতে পড়বে বলেও আশঙ্কাও করা হচ্ছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত ভারত সরকার। ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতি কনস্টান্টিনোস কোম্বোস ফোন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বেশ কিছুক্ষণ আলোচনা করেন তাঁরা। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংঘাতরত দেশগুলির মধ্যে কূটনৈতিক আলোচনার ডাক দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে পশ্চিম এশিয়ায় দ্রুত যুদ্ধ থামানোর কথাও বলেছে নয়াদিল্লি। এর আগে গত দু’দিনে মোদী বাহরিনের রাজা, সৌদি আরবের যুবরাজ, জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলে হামলাকে ধিক্কার জানিয়েছেন। মোদী কথা বলেছেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও।

গত শনিবার ভোরে তেহরানে হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। তাতে মৃত্যু হয় সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। তার পরেই ইজ়রায়েল এবং পশ্চিম এশিয়ার যে দেশগুলিতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে প্রত্যাঘাত শুরু করে ইরান।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page