top of page

বাংলা এবং ভারতের টেবল টেনিস দলকে রাজ্যের পর্যটন দফতর স্পনসর করতে চায়


কলকাতা, ১৮ অগস্ট, ২০২৬: ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দেখানো পথে এ বার পশ্চিমবঙ্গ সরকারও। ভারতীয় হকিকে ২০১৮ সাল থেকে স্পনসর করছে ওড়িশা সরকার। এবারে বাংলা এবং ভারতের টেবল টেনিস দলকে রাজ্যের পর্যটন দফতর স্পনসর করতে চায়। মঙ্গলবার জানিয়েছেন রাজ্যের পর্যটন এবং পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। রাজ্য এবং দেশের টেবল টেনিস দলকে স্পনসর করার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দফতর।

পর্যটন দফতরের 'রিপোর্ট কার্ড' পেশ করে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানালেন, 'কাজের অভিজ্ঞতা সুখকর। এতদিন পর্যটন দফতর অবহেলিত ছিল। আগামী দিনে এই দফতরকে সেরা করতে চান তিনি'। তিনি জানিয়েছেন, ‘রাজ্যের পর্যটন দফতর বাংলা এবং দেশের টেবল টেনিস দলকে স্পনসর করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আমাদের প্রস্তাব ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কাছে পাঠানো হবে। তিনি দেখবেন কী ভাবে কী করা যায়।' খেলার উন্নতি এবং প্রসারের পাশাপাশি রাজ্যকেও গোটা বিশ্বের সামনে নতুন ভাবে তুলে ধরা হবে বলে তিনি জানান।

এতদিন অবহেলিত হয়ে পড়ে থাকলেও আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হতে চলেছে পর্যটন দফতর- এমনটাই জানান মঙ্গলবার পর্যটন মন্ত্রী। রাজ্যের পর্যটনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে ‘চা বাগানে থাকুন’ (Stay in Tea Garden) শীর্ষক একটি নতুন ভাবনার কথা জানান মন্ত্রী। মূলত ‘হাই-এন্ড’ বা বিলাসবহুল পর্যটকদের আকর্ষণ করতে চা-বাগানের ঐতিহ্যবাহী বাংলো এলাকাগুলিতে থাকার বিশেষ ব্যবস্থা ও চুক্তি করা হচ্ছে। এছাড়াও আলিপুরদুয়ার, হুগলি এবং নবদ্বীপের মতো ঐতিহাসিক ও প্রাকৃতিক অঞ্চলগুলিকে কেন্দ্র করে বিশেষ পর্যটন সার্কিট গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি সুন্দরবনকে দ্বিতীয় ‘গ্লোবাল ডেস্টিনেশন’ হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ১৭ সেপ্টেম্বর কলকাতার গড়ের মাঠে ঘুড়ি ও বেলুন উৎসবের আয়োজন করা হচ্ছে। উত্তরবঙ্গের চাকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং করতে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের ম্যালে 'টি ফেস্টিভ্যাল' এবং পাহাড়ি গ্রাম সিটং-এ 'অরেঞ্জ ফেস্টিভ্যাল' পালিত হবে। বন দফতরের যৌথ উদ্যোগে শিলিগুড়ির উপকণ্ঠে ১৫০ হেক্টর এলাকা জুড়ে ‘নগরবন’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের হোম-স্টে, ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট বাস অপারেটরদের জন্য ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় মোবাইল অ্যাপ তৈরির কাজ শেষ হয়ে গেছে, দ্রুত তা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page